পুর ও নগর নির্বাচনের আগে আগরতলায় অস্ত্র উদ্ধার, তিনটি পিস্তল ও ৫০ রাউন্ড গুলিসহ আটক বিহারের দুই যুবক

অনলাইন ডেস্ক, ৪ নভেম্বর,২০২৬: পুর ও নগর নির্বাচনকে সামনে রেখে আগরতলা শহরে বড়সড় অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার রাতে পশ্চিম থানার পুলিশ ও বটতলা ফাঁড়ির যৌথ অভিযানে বটতলা টিআরটিসি কমপ্লেক্স সংলগ্ন ভুটানি মার্কেট এলাকা থেকে বিহারের দুই যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি পিস্তল, ৫০ রাউন্ড গুলি এবং ছয়টি ম্যাগাজিন।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুই যুবক বিহার থেকে আগরতলায় এসেছিল। শহরের কোনও এক ব্যক্তির হাতে আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগাজিন তুলে দেওয়ার উদ্দেশ্যেই তারা এখানে এসেছিল বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ। তবে অস্ত্রগুলি কার কাছে সরবরাহ করার কথা ছিল এবং এর পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

নির্বাচনের আগে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অস্ত্রের উৎস, সরবরাহকারী চক্র এবং সম্ভাব্য ক্রেতাদের পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, নির্বাচনের আগে আগরতলা শহরে অস্ত্র উদ্ধারের ঘটনা নতুন নয়। তবে এবার শহরের প্রাণকেন্দ্র থেকে বিহারের দুই যুবকের কাছ থেকে একসঙ্গে তিনটি পিস্তল ও বিপুল পরিমাণ গুলি উদ্ধারের ঘটনা একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে। নির্বাচনের আগে শহরে অস্ত্রের এই চালান কোন উদ্দেশ্যে আনা হয়েছিল, তা তদন্তের পরই স্পষ্ট হবে।

Leave a Comment