প্রগতি ত্রিপুরা, ৪ নভেম্বর, ২০২৬: আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের সিসি ক্যামেরা এবং শহরের বিভিন্ন এলাকা থেকে ব্যাটারিক চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের বাজার এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে দুটি অটোরিকশা ও চারটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭-৮ দিন ধরে আগরতলা শহরের বিভিন্ন এলাকায় স্মার্ট সিটি প্রকল্পের সিসি ক্যামেরা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাটারি চুরির ঘটনা ঘটছিল। এই ঘটনায় ইন্দ্রনগর এলাকার এক ডিওয়াইএসপি পদমর্যাদার আধিকারিক লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পূর্ব আগরতলা থানায় ১৬০/২০২৬ নম্বরে মামলা রুজু করে তদন্ত শুরু হয়।
তদন্তে নেমে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সহযোগিতায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে ক্যাম্পের বাজার এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ এবং তাদের দেখানো জায়গা থেকে দুটি অটোরিকশা ও চারটি ব্যাটারি উদ্ধার করে পুলিশ।
উদ্ধার হওয়া একটি অটোরিকশার নম্বর প্লেটে কারসাজির ঘটনাও সামনে এসেছে। গাড়িটির সামনের নম্বর প্লেটে TR 01 E 2949 থাকলেও পিছনের নম্বর প্লেটে TR 07 2430 লেখা ছিল বলে পুলিশ জানিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, চুরির ঘটনা আড়াল করতেই নম্বর প্লেটে এই কারসাজি করা হয়েছিল।
পুলিশের দাবি, ধৃতরা প্রায় এক সপ্তাহ আগে অভয়নগর এলাকা থেকে চোরাই সামগ্রীগুলি নিয়ে যায়। প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, পূর্ব আগরতলা, পশ্চিম আগরতলা এবং আমতলী থানার একাধিক চুরির ঘটনার সঙ্গেও ধৃতদের যোগসূত্র থাকতে পারে। ইতিমধ্যে ২০ থেকে ২৫টি ব্যাটারি চুরির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের হাতে এসেছে।
ধৃতদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। চুরির সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং বাকি চোরাই ব্যাটারিগুলি কোথায় রয়েছে, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।








