প্রগতি ত্রিপুরা, ২ নভেম্বর, ২০২৬: আগরতলার এডি নগর ড্রপ গেট এলাকায় চালবোঝাই এফসিআইয়ের একটি ১২ চাকার ট্রাকের ধাক্কায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলো একটি মারুতি অল্টো গাড়ি। মঙ্গলবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও গাড়ির চালকের অভিযোগ অনুযায়ী, TR-01-AR-1724 নম্বরের চালবোঝাই এফসিআই ট্রাকটি অতিরিক্ত বোঝাই অবস্থায় দ্রুতগতিতে চলছিল। এডি নগর থেকে গুদামের দিকে যাওয়ার পথে ড্রপ গেট এলাকায় টার্নিং নেওয়ার সময় ট্রাকটি TR-01-Y-0469 নম্বরের মারুতি অল্টো গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় অল্টো গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়ির কাঁচ ভেঙে ব্যাপক ক্ষতি হয়।
গাড়ির চালক সঞ্জিত পালের অভিযোগ, তিনি নিয়ম মেনেই রাস্তার পাশে গাড়ি চালাচ্ছিলেন। এমন সময় পেছন দিক থেকে আসা ট্রাকটি কোনও হর্ন বা সংকেত না দিয়েই সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার পর ট্রাকচালককে থামানোর চেষ্টা করা হলেও প্রথমে তিনি গাড়ি থামাননি বলে অভিযোগ। পরবর্তীতে সামনের গোলচত্বর এলাকায় ট্রাকটিকে ঘেরাও করে আটক করা হয়।
তবে সৌভাগ্যবশত, দুর্ঘটনায় গাড়ির ভিতরে থাকা যাত্রীরা প্রাণে রক্ষা পান। ঘটনার জেরে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়।
এদিকে, ক্ষতিগ্রস্ত গাড়ির চালক কোনও আপস-মীমাংসায় যেতে রাজি হননি বলে জানা গেছে। তিনি ঘটনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং ট্রাকটির অতিরিক্ত বোঝাই থাকার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য এখনও জানা যায়নি
।








