প্রগতি ত্রিপুরা, ২ নভেম্বর, ২০২৬: আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে তেলিয়ামুড়ায় ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তাপ। ১৫টি ওয়ার্ডের তেলিয়ামুড়া পৌর পরিষদ দখলের লড়াইয়ে এবার একজোট হয়ে নির্বাচনী ময়দানে নামল কংগ্রেস ও সিপিআইএম। INDIA জোটের ব্যানারে দুই দলের যৌথ শক্তি প্রদর্শনের সাক্ষী থাকল সোমবারের তেলিয়ামুড়ার রাজপথ।
সোমবার মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে প্রথমে শহরের রাজপথে বিশাল মিছিল বের করেন কংগ্রেস ও সিপিআইএমের কর্মী-সমর্থকেরা। দলীয় পতাকা, ব্যানার ও নির্বাচনী স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন পথ। মিছিল শেষে মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন জোটের প্রার্থীরা।
তেলিয়ামুড়া পৌর পরিষদের মোট ১৫টি ওয়ার্ডের মধ্যে আসন সমঝোতা অনুযায়ী সিপিআইএম আটটি এবং কংগ্রেস সাতটি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে। মনোনয়নপত্র দাখিল কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক সুভাষ নাথ, প্রাক্তন এমএলএ মনিন্দ্র চন্দ্র দাস,কংগ্রেস নেতা তথা প্রাক্তন শিক্ষক রথীন্দ্র দেব-সহ দুই দলের মনোনীত প্রার্থী এবং অসংখ্য কর্মী-সমর্থক। ১৫ টি আসনের মধ্যে সিপিআইএম আটটি এবং কংগ্রেস সাতটি আসনে মনোনয়নপত্র জমা দেয় যৌথভাবে।
মিছিলের স্লোগানে জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে তেলিয়ামুড়া শহরের সার্বিক উন্নয়ন, নাগরিক পরিষেবার প্রসার, ধর্মনিরপেক্ষতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার বার্তাও তুলে ধরেন জোটের নেতৃত্ব।মনোনয়নপত্র দাখিলের পর বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএমের মহকুমা সম্পাদক সুভাষ নাথ তেলিয়ামুড়ার সার্বিক উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার স্বার্থে INDIA জোটের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান। তাঁর বক্তব্যে শহরের উন্নয়নের পাশাপাশি মানুষের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার বিষয়টিও গুরুত্ব পায়।
সব মিলিয়ে, আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে তেলিয়ামুড়ায় কংগ্রেস ও সিপিআইএমের এই আসন সমঝোতা এবং যৌথ মিছিল রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল। ১৫টি ওয়ার্ডে জোটের প্রার্থীদের জয় নিশ্চিত করতে এখন থেকেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন দুই দলের নেতা-কর্মীরা।তবে রাজনৈতিক মিছিলের শক্তি শেষ পর্যন্ত কতটা ভোটের বাক্সে প্রতিফলিত হয়, তার উত্তর দেবে তেলিয়ামুড়ার ভোটার আইডিরাই।








