প্রগতি ত্রিপুরা, ২ নভেম্বর, ২০২৬: স্বামীর অকাল মৃত্যুতে দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী! আমতলী থানার কাঁঠালতলী ইন্দিরা কলোনিতে টুটন দে’র মৃত্যুতে এলাকায় শোকের ছায়া!!
আমতলী থানার অন্তর্গত কাঁঠালতলীর ইন্দেরা কলোনি এলাকার বাসিন্দা এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত ব্যক্তির নাম টুটন দে, ডাকনাম নন্দু। বয়স আনুমানিক ৪৫ বছর।
পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়, গতকাল দুপুরে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি টুটন দে। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে ডুকলি ইন্ডাস্ট্রিয়াল জঙ্গলের দিকে তাঁকে যেতে দেখেছেন বলে এক যুবক তাঁর ছেলেকে খবর দেন। এরপর পরিবারের সদস্যরা সেখানে গিয়ে জঙ্গলের ভিতরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান।
ঘটনার খবর দেওয়া হয় আমতলী থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টিএমসি মর্গে পাঠায়।
পরিবারের দাবি, আর্থিক সংকটের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। মৃত ব্যক্তির দুই ছেলে রয়েছে। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের প্রয়োজন।








