কাস্টমারি ল’ বিধিবদ্ধ করার দাবিতে ৭ ডিসেম্বর গণ-অবস্থানের ডাক, দাবি পূরণ না হলে ত্রিপুরা বনধের হুঁশিয়ারি

প্রগতি ত্রিপুরা, ১ নভেম্বর, ২০২৬: ত্রিপুরার বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের প্রথাগত আইন বা কাস্টমারি ল’ দ্রুত বিধিবদ্ধ করার দাবিতে আগামী ৭ ডিসেম্বর গণ-অবস্থানের ডাক দিয়েছে ত্রিপুরা ট্রাইবেল কাস্টমারি ল’ কো-অর্ডিনেশন কমিটি।

রবিবার আগরতলা প্রেস ক্লাবে বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের প্রধান সমাজপতিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কমিটির প্রতিনিধিরা জানান, ২০২২ সালের ২৮ ডিসেম্বর TTAADC-র অধিবেশনে সর্বসম্মতিক্রমে গৃহীত ১৪টি কাস্টমারি ল’ বিল এখনও সম্পূর্ণভাবে বিধিবদ্ধ করা হয়নি।

কমিটির অভিযোগ, এই দাবিতে বারবার রাজ্য সরকার এবং ADC প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনও উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে জনজাতি সম্প্রদায়গুলির দীর্ঘদিনের দাবি উপেক্ষিত থেকে যাচ্ছে।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৭ ডিসেম্বর দুপুর ১২টা থেকে সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে তিন ঘণ্টাব্যাপী গণ-অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এদিনের কর্মসূচির পরও যদি কাস্টমারি ল’ বিধিবদ্ধ করার বিষয়ে সরকার ও ADC প্রশাসন কোনও কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার পাশাপাশি ত্রিপুরা বনধের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে কমিটি।

 

Leave a Comment