একমাত্র ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ পরিবার

প্রগতি ত্রিপুরা, ১ নভেম্বর, ২০২৬: মলয়নগর হাউজিং বোর্ডের জলাশয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১৯ বছরের শুভ বিশ্বাসের। জলাশয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো ১৯ বছর বয়সি এক যুবকের। মৃত যুবকের নাম শুভ বিশ্বাস।

তাঁর বাড়ি পূর্ব আগরতলা থানার অন্তর্গত রবীন্দ্রনগরের পালপাড়া এলাকায়। তিনি সুমন বিশ্বাসের ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর আনুমানিক ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে মলয়নগর হাউজিং বোর্ড গ্রাউন্ড কমপ্লেক্সের একটি জলাশয়ে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার দুপুরে ইলেকট্রিক চার্জিং ব্যাটারি ব্যবহার করে জলাশয়ে মাছ ধরতে গিয়েছিলেন শুভ। সেই সময় আচমকাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জলে পড়ে যান তিনি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আনন্দনগর ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁরা জলাশয় থেকে শুভকে উদ্ধার করে দ্রুত হাপানিয়া হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মাত্র ১৯ বছর বয়সে শুভর এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা-মা ও পরিজনেরা। হাসিখুশি তরতাজা এক যুবকের এমন মর্মান্তিক পরিণতিতে গভীর শোকের আবহ তৈরি হয়েছে রবীন্দ্রনগরের পালপাড়া এলাকায়।

 

Leave a Comment