প্রগতি ত্রিপুরা, ৩০ অক্টোবর, ২০২৬: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার কাঁঠালিয়া এলাকায় শুক্রবার দুটি স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন দুই চালক। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা যায়, এদিন TR-03-06398 নম্বরের একটি স্কুটির সঙ্গে নম্বরবিহীন একটি TVS স্কুটির সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে দুই স্কুটিচালক বিদেশ রিয়াং ও নমজিত রিয়াং গুরুতরভাবে আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা। তাঁরা আহত দুজনকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে একজনের অবস্থা তুলনামূলকভাবে বেশি গুরুতর বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে একজন নাবালক। সে সেলাগাংয়ের দিকে যাচ্ছিল বলে জানা গেছে। অপর আহত ব্যক্তি বন দপ্তরের কর্মী বলে স্থানীয় সূত্রে খবর। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, দুটি স্কুটি বিপরীত দিক থেকে আসার সময় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।








