অনলাইন ডেস্ক, ২৯ অক্টোবর, ২০২৬: আগামী ২০২৭ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হতে চলেছে ৪৫তম আগরতলা বইমেলা। এই বইমেলাকে সফল ও আকর্ষণীয় করে তুলতে বৃহস্পতিবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
বৈঠকে অর্থমন্ত্রী বলেন, বইয়ের প্রয়োজনীয়তা ও গুরুত্ব কখনও শেষ হওয়ার নয়। বই মানুষের জ্ঞানচর্চা, মনন ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আগরতলা বইমেলাকে আরও আকর্ষণীয় ও জনপ্রিয় করে তোলার জন্য সকলকে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে বইমেলাকে সফল করে তুলতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
তিনি আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও সকলের সহযোগিতার মধ্য দিয়েই এই জ্ঞান ও সংস্কৃতির মেলাকে প্রকৃত অর্থে সার্থক করে তোলা সম্ভব।
প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্যে, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা ডা. বিশাল কুমার এবং রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী।
বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। তিনি ৪৫তম আগরতলা বইমেলার আয়োজন, ব্যবস্থাপনা ও বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়াও বৈঠকে বক্তব্য রাখেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পদ্মশ্রী ড. অরুণোদয় সাহা এবং বিশিষ্ট সাহিত্যিক ও লেখক নন্দকুমার দেববর্মা। উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন জেলার জনপ্রতিনিধি, সমাজসেবী, লেখক, কবি, সাহিত্যিক ও প্রকাশকরা।
আগামী বছরের বইমেলাকে আরও সমৃদ্ধ, বর্ণময় ও জনমুখী করে তুলতে বৈঠকে বিভিন্ন প্রস্তাব ও প্রস্তুতিমূলক বিষয় নিয়ে আলোচনা হয়।








