ন্যূনতম মজুরির দাবিতে স্কুল কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ, গণইস্তফার হুঁশিয়ারি

প্রগতি ত্রিপুরা, ২৯ অক্টোবর, ২০২৬: ন্যূনতম মজুরি প্রদান, ইপিএফ ও ইএসআইসির সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং স্কুলে কম্পিউটার শিক্ষার সুষ্ঠু বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নামলেন রাজ্যের স্কুল কম্পিউটার শিক্ষকরা। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবের সামনে জমায়েত হয়ে শিক্ষা দপ্তরের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদানের কর্মসূচি গ্রহণ করেন অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের সদস্যরা। দাবি পূরণ না হলে আগামী সপ্তাহ থেকে জেলাভিত্তিক আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। পাশাপাশি, সমস্যার সমাধান না হলে আগামী ১০ তারিখের পর গণইস্তফার পথেও হাঁটার ইঙ্গিত দিয়েছেন সংগঠনের প্রতিনিধিরা।

সংগঠনের অভিযোগ, রাজ্যের প্রায় ১,৫০০টি স্কুলে আইসিটি প্রকল্পের অধীনে কর্মরত কম্পিউটার শিক্ষকরা দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরি ও বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে কাজ করলেও ন্যূনতম মজুরি, সামাজিক সুরক্ষা এবং চাকরির নিশ্চয়তা নিয়ে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

ইপিএফ (EPF) ও ইএসআইসি (ESIC) নিয়েও ক্ষোভ প্রকাশ করেন শিক্ষকরা। তাঁদের অভিযোগ, বেতন থেকে নিয়মিত টাকা কাটা হলেও সেই অনুযায়ী প্রাপ্য সুযোগ-সুবিধা ও অন্যান্য আর্থিক সুবিধা তাঁরা পাচ্ছেন না। এই অর্থ কোথায় জমা হচ্ছে এবং সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা থেকে তাঁরা কেন বঞ্চিত হচ্ছেন, তার স্পষ্ট জবাব দাবি করেছেন আন্দোলনকারীরা।

এদিন সংগঠনের পক্ষ থেকেও শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানানো হয়। আন্দোলনকারীদের প্রশ্ন, দেশের অন্যান্য রাজ্যে আইসিটি প্রকল্পের অধীনে কর্মরত শিক্ষকরা বিভিন্ন সুযোগ-সুবিধা পেলেও ত্রিপুরার শিক্ষকরা কেন সেই সুবিধা থেকে বঞ্চিত থাকবেন?

সংগঠনের প্রতিনিধিরা জানান, রাজ্য সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে একাধিকবার আবেদন-নিবেদন এবং ডেপুটেশন জমা দিয়েও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তাই এবার বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে জেলাভিত্তিক আন্দোলনের পাশাপাশি প্রয়োজনে গণঅবস্থান ও অন্যান্য কর্মসূচি গ্রহণ করা হবে।

শিক্ষকদের স্পষ্ট বক্তব্য, দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে ন্যূনতম মজুরি, ইপিএফ, ইএসআইসি এবং অন্যান্য ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। অন্যথায় আগামী ১০ তারিখের পর গণইস্তফার মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন তাঁরা।

Leave a Comment