আগরতলায় ১,৪৩৭ কোটি টাকার আন্ডারগ্রাউন্ড ক্যাবলিং প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী, দেড় লক্ষ পরিবার পাবে সৌরবিদ্যুতের সুবিধা

প্রগতি ত্রিপুরা, ২৯ অক্টোবর, ২০২৬: আগরতলা শহরের বিদ্যুৎ পরিকাঠামো আধুনিকীকরণ এবং পরিচ্ছন্ন শক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। বৃহস্পতিবার বড়দোয়ালি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি ‘আগরতলা আন্ডারগ্রাউন্ড ক্যাবলিং প্রকল্প’-এর ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পাশাপাশি উদ্বোধন করেন ‘ইউটিলিটি-লেড অ্যাগ্রিগেশন’ (ইউএলএ) প্রকল্পের।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, আগরতলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে আরও নিরাপদ, নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য করে তুলতে মোট ১,৪৩৭ কোটি টাকা ব্যয়ে শহরের বিদ্যুৎ বিতরণ লাইনগুলিকে ভূগর্ভস্থ ক্যাবলে রূপান্তর করা হবে। রাজ্য সরকার ও ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের (টিএসইসিএল) অর্থানুকূল্যে এই প্রকল্প বাস্তবায়িত হবে। প্রকল্পের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে তিনটি সংস্থাকে। ২০২৮ সালের মধ্যে কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

প্রকল্পটি সম্পূর্ণ হলে আগরতলা পুর নিগম এলাকার উচ্চ ও নিম্ন ভোল্টেজের বিদ্যুৎ বিতরণ লাইনগুলি ভূগর্ভস্থ করা হবে। এর ফলে ঝড়-বৃষ্টির সময় গাছ ভেঙে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়া, বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি কমবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি স্মার্ট গ্রিড প্রযুক্তি ও স্মার্ট কন্ট্রোল রুমের মাধ্যমে বিদ্যুৎ ব্যবস্থার রিয়েল-টাইম পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে যান চলাচল ও জনজীবনে যাতে কম প্রভাব পড়ে, তার জন্য প্রকল্পে আধুনিক ‘হরাইজন্টাল ডিরেকশনাল ড্রিলিং’ (এইচডিডি) বা ট্রেঞ্চলেস প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

দেড় লক্ষ পরিবার পাবে রুফটপ সোলার প্ল্যান্ট এদিন ‘ইউটিলিটি-লেড অ্যাগ্রিগেশন’ (ইউএলএ) প্রকল্পের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী জানান, প্রথম পর্যায়ে রাজ্যের ১ লক্ষ ৫০ হাজার পরিবারের বাড়ির ছাদে এক কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্ল্যান্ট স্থাপন করা হবে। মাসে ৫০ ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহারকারী পরিবারগুলিকে এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে অতিরিক্ত ১৫০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে ২০২৪ সালে চালু হওয়া ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা’র লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। স্বল্প আয়ের পরিবারগুলির কাছে সৌরবিদ্যুতের সুবিধা পৌঁছে দেওয়াই এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।

প্রকল্পের আওতায় সোলার প্ল্যান্ট স্থাপনের সম্পূর্ণ ব্যয় টিএসইসিএলের মাধ্যমে রাজ্য সরকার বহন করবে। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের কাছ থেকে প্রতি উপভোক্তার জন্য ৩৩ হাজার টাকা অনুদান পাওয়া যাবে বলে জানান মুখ্যমন্ত্রী। বাকি অর্থ রাজ্য বাজেট ও এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় সংস্থানের পরিকল্পনা রয়েছে। উপভোক্তাদের প্ল্যান্ট স্থাপনের জন্য কোনও অর্থ দিতে হবে না। তবে তাঁদের এক হাজার টাকা ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিট জমা দিতে হবে।

মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, প্রথম ১০ বছর সোলার প্ল্যান্টগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে টিএসইসিএল। এই সময়ে উপভোক্তারা প্রতি মাসে প্রায় ১০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে পাবেন। ১০ বছর পর সংশ্লিষ্ট প্ল্যান্টের মালিকানা উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, গত আট বছরে রাজ্যের বিদ্যুৎ পরিকাঠামোর সম্প্রসারণ, আধুনিকীকরণ, নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতা বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। সাবস্টেশন, ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইন এবং ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারের সম্প্রসারণের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, আন্ডারগ্রাউন্ড ক্যাবলিং ও রুফটপ সোলার প্রকল্প দুটি রাজ্যের বিদ্যুৎ পরিকাঠামোর উন্নয়ন, বিদ্যুৎ সরবরাহের নির্ভরযোগ্যতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন শক্তির ব্যবহার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

অনুষ্ঠানে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, সাংসদ রাজীব ভট্টাচার্য এবং বিধায়ক মীনারানি সরকার উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং। ধন্যবাদজ্ঞাপন করেন টিএসইসিএলের ম্যানেজিং ডিরেক্টর বিশ্বজিৎ বসু। এ ছাড়াও অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের কর্পোরেটর এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ‘মুফত বিজলি যোজনা’ নিয়ে একটি তথ্যচিত্রও প্রদর্শিত হয়।

Leave a Comment