আন্তর্জাতিক, ২৮ অক্টোবর, ২০২৬: আগরতলা, ২৮ অক্টোবর: আগরতলা রেলওয়ে স্টেশনে পৃথক দুটি অভিযানে ১৬ কেজি ২৭৫ গ্রাম সন্দেহভাজন গাঁজা উদ্ধার করেছে জিআরপি থানার পুলিশ। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৮ লক্ষ টাকা। এই ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, বুধবার সকাল প্রায় ১০টা নাগাদ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের পার্কিং এলাকায় এসআই পঙ্কজ বিশ্বাসের নেতৃত্বে অভিযান চালানো হয়। তল্লাশিতে রাহুল মিঞা (১৯) নামে এক যুবকের ব্যাগ থেকে ৬ কেজি ১০৫ গ্রাম সন্দেহভাজন গাঁজা উদ্ধার হয়। ধৃতের বাড়ি গোমতী জেলার আর কে পুর থানার অন্তর্গত বাগমা বীরেন কলোনিতে। বর্তমানে সে সিপাহীজলা জেলার সোনামুড়া নগর পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ায় বসবাস করছিল বলে পুলিশ জানিয়েছে।
একই দিনে দুপুরে এসআই বিশ্বজিৎ দাসের নেতৃত্বে জিআরপি পুলিশের অন্য একটি দল স্টেশনের প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে দ্বিতীয় এক যুবককে ট্রলিব্যাগ-সহ আটক করে। তাঁর ব্যাগ থেকে আরও ১০ কেজি ১৭০ গ্রাম সন্দেহভাজন গাঁজা উদ্ধার হয়।
দুটি অভিযানে মোট ১৬ কেজি ২৭৫ গ্রাম মাদক উদ্ধার হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার ওসি রাজু ভৌমিক।








