স্বাস্থ্য পরিকাঠামোয় বড়সড় পদক্ষেপ, উদয়পুরে ১৮৯ কোটি টাকার তিন প্রকল্পের শিলান্যাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক, ২৮ অক্টোবর, ২০২৬: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো আরও উন্নত করতে গোমতী জেলা হাসপাতাল ও উদয়পুরের ত্রিপুরাসুন্দরী মহকুমা হাসপাতালের সম্প্রসারণ-সহ তিনটি প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। বুধবার ত্রিপুরাসুন্দরী মহকুমা হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এই প্রকল্পগুলির সূচনা হয়। প্রকল্পগুলিতে মোট প্রস্তাবিত ব্যয় প্রায় ১৮৯ কোটি টাকা।

এর মধ্যে গোমতী জেলা হাসপাতালের সম্প্রসারণে ১৪২ কোটি, ত্রিপুরাসুন্দরী মহকুমা হাসপাতালের সম্প্রসারণে ৪৬ কোটি ৪০ লক্ষ এবং পাবলিক হেলথ ইউনিট নির্মাণে ৬০ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে। অনুষ্ঠানের আগে মহকুমা হাসপাতালের সম্প্রসারণ প্রকল্পের ভূমিপূজাতেও অংশ নেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, একসময় ত্রিপুরাসুন্দরী মহকুমা হাসপাতাল চালু রাখা নিয়ে আন্দোলন করতে হয়েছিল। এলাকার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় হাসপাতালটি চালু রাখা সম্ভব হয়। বর্তমানে এই হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে সরকার উদ্যোগী হয়েছে এবং প্রতিদিন বহু মানুষ এখান থেকে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন।

গোমতী জেলা হাসপাতালের পরিকাঠামো নিয়ে অতীত সরকারের ভূমিকার সমালোচনা করে অর্থমন্ত্রী অভিযোগ করেন, নির্বাচনের আগে তড়িঘড়ি হাসপাতাল উদ্বোধনের ফলে প্রয়োজনীয় পরিকাঠামো ও স্বাস্থ্যকর পরিবেশের বিষয়টি যথাযথ গুরুত্ব পায়নি। তাঁর বক্তব্য, নতুন প্রকল্পগুলি বাস্তবায়িত হলে জেলার মানুষ আরও উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন।

মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, রাজ্য সরকার স্বাস্থ্য পরিকাঠামোর সম্প্রসারণকে অগ্রাধিকার দিয়েছে। চিকিৎসা পরিষেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের কাছে উন্নত চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই বিভিন্ন হাসপাতালে আধুনিক পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে।

উদয়পুরের ভবিষ্যৎ উন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে এই শহরের বিশেষ গুরুত্ব রয়েছে। মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরের পাশাপাশি একান্ন শক্তিপীঠের প্রতিরূপ নির্মাণের কাজ এগিয়ে চলেছে। এই প্রকল্পগুলি সম্পূর্ণ হলে উদয়পুরের পর্যটন ও সাংস্কৃতিক গুরুত্ব আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আগামী দিনে শহরটির উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলেও জানান তিনি।

উন্নয়নমূলক কাজ নিয়ে বিরোধীদের সমালোচনার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলেন, উন্নয়ন দেখতে হলে বিরোধীদেরও বিভিন্ন প্রকল্পের উদ্বোধনে সঙ্গে নিয়ে যাওয়া উচিত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পুরপরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, জেলাশাসক, জেলা পুলিশ সুপার, মহকুমা শাসক এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।

Leave a Comment