প্রগতি ত্রিপুরা, ২৭ অক্টোবর, ২০২৬ : চুরির ঘটনা অব্যাহত থাকায় উদ্বেগ বাড়ছে শহরবাসীর মধ্যে। এরই মধ্যে চুরি যাওয়া বাইক, স্কুটি ও টমটম উদ্ধার করে চার নাবালককে আটক করল পূর্ব আগরতলা থানার পুলিশ।
পূর্ব আগরতলা থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, সোমবার সন্ধ্যায় আস্তাবল এলাকা থেকে একটি মূল্যবান বাইক চুরির খবর পায় পুলিশ। খবর পেয়েই তদন্তে নামে পুলিশ। তদন্তে জানা যায়, চুরি যাওয়া বাইকটি দুর্জয়নগরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সেই সূত্র ধরে বাইকটির পিছু ধাওয়া করে নতুননগর এলাকায় সেটি আটক করা হয়। ঘটনাস্থল থেকে দুই নাবালককেও আটক করে পুলিশ।
ধৃতদের জিজ্ঞাসাবাদে আরও একটি চুরি যাওয়া স্কুটির সন্ধান মেলে। স্কুটিটি উদ্ধারের ক্ষেত্রে বিমানবন্দর থানার পুলিশেরও সহযোগিতা নেওয়া হয়। পরবর্তী সময়ে এই ঘটনায় আরও দুই নাবালককে আটক করা হয়। পাশাপাশি, চুরি যাওয়া একটি টমটমও উদ্ধার করেছে পুলিশ।
এই ঘটনায় মোট চার নাবালককে আটক করে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। চুরির ঘটনাগুলির সঙ্গে তাদের যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশ।








