উদয়পুরে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, পারিবারিক অশান্তির অভিযোগ

প্রগতি ত্রিপুরা, ২৬ অক্টোবর, ২০২৬: গোমতী জেলার উদয়পুরের মহারানী ফাঁড়ির অন্তর্গত মহারানী কোয়ার্টার কমপ্লেক্স এলাকায় প্রণজিৎ পাল (২৭) নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহারানী ফাঁড়ির পুলিশ। পরে গোমতী জেলা ফরেনসিক দলের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাতে লক্ষ্মীপুজোর পর প্রণজিৎ পরিবারের সদস্যদের জন্য রান্না করে নিজের ঘরে ঘুমাতে যান। সোমবার সকালে দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও সাড়া না মেলায় পরিবারের সদস্যরা জানালা ভেঙে তাঁকে ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

মৃতের পরিবারের অভিযোগ, প্রণজিৎ ও তাঁর স্ত্রী রূপা চক্রবর্তীর প্রায় চার বছরের দাম্পত্য জীবনে গত কয়েক মাস ধরে অশান্তি চলছিল। রূপার সঙ্গে রাজীব পাল নামে এক যুবকের ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে দাম্পত্য কলহের সূত্রপাত বলে দাবি পরিবারের। গত ১৮ অক্টোবর রাজীবের ফোন আসাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ হয় বলেও অভিযোগ। এরপর রূপা বাপের বাড়িতে চলে যান বলে পরিবারের দাবি।

পরিবারের সদস্যদের অভিযোগ, পারিবারিক অশান্তির কারণে প্রণজিৎ মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিকে, পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থলে তদন্ত চালিয়েছে। যুবকের মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। পরিবারের তরফে ওঠা অভিযোগগুলির সত্যতাও তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

Leave a Comment