ইন্ডিয়া ব্লকের উদ্যোগে ত্রিপুরায় ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ কর্মসূচি

প্রগতি ত্রিপুরা, ২৬ অক্টোবর, ২০২৬: ইন্ডিয়া ব্লকের উদ্যোগে আগামী ৩০ অক্টোবর থেকে ত্রিপুরায় ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ কর্মসূচি শুরু হতে চলেছে। পাশাপাশি, ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে দেশব্যাপী মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে প্রায় ১০ লক্ষ মানুষের জমায়েত হতে পারে বলে আশা করছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এই কর্মসূচি নিয়ে সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

কংগ্রেসের দাবিগুলির মধ্যে রয়েছে, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা, এই প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করে বাতিল করা, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের পুরনো পদ্ধতি পুনর্বহাল এবং বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত এআইসিসির পর্যবেক্ষক তথা প্রাক্তন মন্ত্রী প্রদীপ জৈন অভিযোগ করেন, এসআইআর প্রক্রিয়ায় সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে বিজেপি। তাঁর আরও দাবি, কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন বিরোধীদের বিরুদ্ধে ইডি বা সিবিআইকে রাজনৈতিকভাবে ব্যবহার করেনি এবং নির্বাচন কমিশনকেও রাজনৈতিক স্বার্থে কাজে লাগায়নি। বিজেপি নেতৃত্বাধীন সরকার নির্বাচন কমিশনের সমর্থন নিয়ে ক্ষমতা ধরে রেখেছে বলেও অভিযোগ করেন তিনি।

কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে জনসচেতনতা বাড়াতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Leave a Comment