প্রগতি ত্রিপুরা, ২৬ অক্টোবর, ২০২৬: শারদোৎসব ও কালীপুজোকে কেন্দ্র করে ধর্মনগর শহরের বিবিআই (BBI) ও ডিএনভি (DNV) ময়দানে পুজোর আয়োজন নিয়ে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। খেলার মাঠে প্যান্ডেল তৈরি এবং পুজো শেষে মাঠের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রীড়াপ্রেমী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের একাংশ।
অভিযোগ, নিজস্ব পুজোর মাঠ না থাকায় শহরের কয়েকটি বড় ক্লাব এই দুই ময়দান পুজোর প্যান্ডেল তৈরির কাজে ব্যবহার করে। অথচ ধর্মনগরে খেলাধুলার উপযোগী মাঠের সংখ্যা সীমিত। স্থানীয়দের দাবি, পুজোর অনুমতি নেওয়ার সময় মাঠ পরিষ্কার করে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হলেও উৎসব শেষে মাঠে লোহার কাঠামো, বড় বড় গর্ত, মদের বোতল ও বিভিন্ন ধরনের আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। এর ফলে মাঠে খেলতে আসা শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণদেরও সমস্যায় পড়তে হয় বলে অভিযোগ।
ক্রীড়াপ্রেমীদের একাংশের বক্তব্য, যুবসমাজকে নেশা থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসারে গুরুত্ব দেওয়া হচ্ছে। অথচ খেলার মাঠ ক্ষতিগ্রস্ত হলে নতুন প্রজন্মের খেলাধুলার সুযোগ সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁদের মতে, মাঠের পরিবেশ ও পরিকাঠামো রক্ষা করা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।
স্থানীয়দের দাবি, ২০২৩ সাল থেকে তৎকালীন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত বিশ্ববন্ধু সেন এই দুই মাঠে পুজোর প্যান্ডেল তৈরির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তাঁর সেই উদ্যোগকে বহু মানুষ স্বাগত জানিয়েছিলেন বলে দাবি তাঁদের। তবে এ বছর ফের ওই মাঠগুলিতে পুজোর অনুমতি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। কারা এবং কী পরিস্থিতিতে এই অনুমতি দিয়েছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রীড়াপ্রেমী ও অভিভাবকদের একাংশ।
ইতিমধ্যেই বিবিআই ও ডিএনভি ময়দান থেকে পুজো এবং আনন্দমেলার আয়োজন অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার দাবি উঠেছে। স্থানীয়দের বক্তব্য, উৎসবের আয়োজন অবশ্যই প্রয়োজন, তবে তার জন্য শহরের গুরুত্বপূর্ণ খেলার মাঠগুলির দীর্ঘমেয়াদি ক্ষতি হওয়া উচিত নয়। মাঠের পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং খেলাধুলার উপযুক্ত পরিবেশ বজায় রাখতে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।
এই ইস্যু আগামী পুর পরিষদ নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলেও মনে করছেন স্থানীয়দের একাংশ। এখন দেখার, ধর্মনগরের খেলার মাঠগুলির সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করে।








