প্রগতি ত্রিপুরা, ২৬ অক্টোবর, ২০২৬: পারিবারিক অশান্তি ও পরকীয়া সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনায় আহত গৃহবধূ পূর্ণিমা দেবনাথকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আহত গৃহবধূ ও তাঁর পরিবারের অভিযোগ, বলরাম সরকার নামে তাঁর স্বামীর একটি সাইকেল ও রিকশা মেরামতের দোকান রয়েছে। গত তিন মাস ধরে অন্য এক মহিলার সঙ্গে তাঁর স্বামীর সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেন পূর্ণিমা। এই বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই দম্পতির মধ্যে পারিবারিক অশান্তি চলছিল বলে পরিবারের দাবি।
অভিযোগ, ঘটনার দিন পূর্ণিমা স্বামীর দোকানে গেলে ওই সম্পর্ক নিয়ে দু’জনের মধ্যে তীব্র বচসা শুরু হয়। একপর্যায়ে স্বামী তাঁকে মারধর করেন বলে অভিযোগ। এতে আহত হন পূর্ণিমা।
পরে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সহযোগিতায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছে গৃহবধূর পরিবার।
তবে এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনও বক্তব্য বা মামলার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে।








