লক্ষ্মীপুজোর সন্ধ্যায় কালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেল বহু দোকান

প্রগতি ত্রিপুরা, ২৬ অক্টোবর, ২০২৬: লক্ষ্মীপুজোর সন্ধ্যায় ময়লার স্তূপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মোহনপুর মহকুমার বামুটিয়া বিধানসভার অন্তর্গত কালী বাজারে। স্থানীয় ব্যবসায়ীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় অল্পের জন্য রক্ষা পায় বাজারের বহু দোকান। পরে মোহনপুর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নেভাতে সাহায্য করেন। প্রাথমিকভাবে বাজি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে অনুমান স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের পরিচালনাধীন এই সরকারি বাজারটি বামুটিয়া বিধানসভার অন্যতম বৃহৎ বাজার। অভিযোগ, বাজার থেকে নিয়মিত রাজস্ব আদায় করা হলেও ময়লা-আবর্জনা পরিষ্কারের ক্ষেত্রে কর্তৃপক্ষের পর্যাপ্ত উদ্যোগ নেই। ফলে বাজারে দীর্ঘদিন ধরে জমে রয়েছে আবর্জনার স্তূপ। আর সেই আবর্জনার স্তূপ থেকেই মাঝেমধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বলে অভিযোগ ব্যবসায়ীদের।

এত বড় বাজারে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা, জলের পাম্প ও শৌচালয়ের অভাব নিয়েও ক্ষোভ রয়েছে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে। বাজারের অপরিচ্ছন্ন পরিবেশের কারণে নাক ঢেকে চলাফেরা করতে হয় বলেও অভিযোগ তাঁদের।

অন্যদিকে, বামুটিয়া থেকে আগরতলা কিংবা মোহনপুর দমকল কেন্দ্রের দূরত্ব প্রায় ১৬ থেকে ১৭ কিলোমিটার হওয়ায় জরুরি পরিস্থিতিতে দমকলের ইঞ্জিন পৌঁছতে দেরি হয় বলে অভিযোগ স্থানীয়দের। এর ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ব্যবসায়ীদের সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকে যায়। সম্প্রতি এই বাজারের একটি মিষ্টি তৈরির কারখানাও অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায়।

লক্ষ্মীপুজোর সন্ধ্যায় ফের অগ্নিকাণ্ডের ঘটনার পর বামুটিয়ায় পৃথক দমকল কেন্দ্র স্থাপনের দাবি আরও জোরালো হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের বক্তব্য, বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত আবর্জনা পরিষ্কার, অগ্নিনির্বাপণ পরিকাঠামোর উন্নয়ন এবং বামুটিয়ায় একটি দমকল কেন্দ্র স্থাপনে প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ করা উচিত।

Leave a Comment