প্রগতি ত্রিপুর, ২৬ অক্টোবর, ২০২৬: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার ইন্দিরা নগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তাকিয়াবাড়ি সংলগ্ন মজুমদার পাড়ায় সেচ প্রকল্পের সোলার পাম্পের মোটর চুরির ঘটনায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। খরা পরিস্থিতিতে সেচের জলের তীব্র সংকটের মধ্যে পাম্পের মোটর চুরি হয়ে যাওয়ায় ফসল রক্ষা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে দ্রুত নতুন মোটরের ব্যবস্থা করে দেওয়ার জন্য সরকারি কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন ভুক্তভোগী কৃষক ক্ষীরোহন দেবনাথ।
ক্ষীরোহন দেবনাথের বক্তব্য অনুযায়ী, তিনি প্রতিদিন সকালে জমিতে এসে সেচ পাম্প বন্ধ করা-সহ প্রয়োজনীয় দেখভালের কাজ করেন। কিন্তু এদিন সকালে জমিতে গিয়ে তিনি দেখতে পান, সেচ প্রকল্পের সোলারচালিত ওয়াটার পাম্পের মোটরটি চুরি হয়ে গিয়েছে। এই ঘটনায় তিনি চরম সমস্যার মুখে পড়েছেন।
বর্তমানে বৃষ্টির অভাবে জমিতে সেচের জলের প্রয়োজনীয়তা ক্রমশ বাড়ছে। ক্ষীরোহন দেবনাথ জানান, সোলারচালিত এই পাম্পের সাহায্যে তাঁর চার বিঘারও বেশি ধানজমিতে সেচ দেওয়ার পাশাপাশি আশপাশের প্রায় ২০ থেকে ২৫ বিঘা জমিতে নিয়মিত জল সরবরাহ করা হতো।
কিন্তু পাম্পের মোটরটি চুরি হয়ে যাওয়ায় বর্তমানে সেচব্যবস্থা কার্যত ব্যাহত হয়েছে। সময়মতো জমিতে জল দিতে না পারলে ধানসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কৃষকরা। বিশেষ করে চলতি খরা পরিস্থিতিতে এই ঘটনা তাঁদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।
এমতাবস্থায় কৃষিজমি ও ফসল রক্ষার স্বার্থে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও কর্তৃপক্ষের কাছে দ্রুত একটি নতুন মোটরের ব্যবস্থা করে দেওয়ার আবেদন জানিয়েছেন ক্ষীরোহন দেবনাথ। পাশাপাশি, চুরির ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি উঠেছে। এখন দেখার বিষয়, কৃষকদের এই সংকটের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।








