ভুবনেশ্বরে আরবিআইয়ের নতুন পরিকাঠামোর উদ্বোধনে প্রধানমন্ত্রী

জাতীয়, ২৫ অক্টোবর, ২০২৬:দেশের ব্যাঙ্কিং ব্যবস্থাকে আরও দক্ষ, নিরাপদ ও নির্ভরযোগ্য করে তোলার উপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথায়, গত এক দশকে ব্যাঙ্কিং পরিষেবা থেকে বঞ্চিত মানুষের কাছে আর্থিক পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। আগামী দশকে ব্যাঙ্কিং ব্যবস্থাকে আরও কার্যকর ও সুরক্ষিত করে তোলাই হবে প্রধান লক্ষ্য।

রবিবার ওড়িশার ভুবনেশ্বরে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) ডেটা সেন্টার এবং সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্বোধন করে এই মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে ওড়িশার রাজ্যপাল, মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা-সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, মহাপ্রভু জগন্নাথের আশীর্বাদে ভুবনেশ্বর আজ নতুন ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান উপহার দিচ্ছে।

এই দুই পরিকাঠামো ওড়িশা-সহ দেশের মানুষের উপকারে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। উন্নয়নের সুফল পৌঁছতে হবে শেষ প্রান্তের মানুষের কাছে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর দেশে বড় শহর, হাসপাতাল, বিমানবন্দর ও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে উঠলেও দীর্ঘদিন প্রত্যন্ত অঞ্চল এবং ছোট শহরগুলি প্রয়োজনীয় পরিষেবা থেকে বঞ্চিত ছিল। উন্নয়নের সুফল দেশের প্রতিটি অঞ্চল ও নাগরিকের কাছে সমানভাবে পৌঁছে দেওয়া ছিল বড় চ্যালেঞ্জ। তাঁর বক্তব্য, বর্তমান সরকার জনমুখী, সক্রিয় ও সুশাসনভিত্তিক উন্নয়ন মডেল নিয়ে কাজ করছে।

ছোট শহরে মেডিক্যাল কলেজ, বিভিন্ন রাজ্যে এইমসের সম্প্রসারণ, গ্রামীণ এলাকায় আয়ুষ্মান আরোগ্য মন্দির স্থাপন এবং প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল সংযোগের প্রসার সেই পরিবর্তনের উদাহরণ। উন্নয়নের মূল উদ্দেশ্য মানুষের জীবনযাত্রা সহজ করা এবং প্রত্যেকের সামনে নতুন সুযোগ তৈরি করা। জনধন অ্যাকাউন্টে সরাসরি সুবিধা প্রধানমন্ত্রীর দাবি, ডিজিটাল ইন্ডিয়া এবং ডিজিটাল ব্যাঙ্কিংয়ের প্রসারের ফলে এখন দেশের সাধারণ মানুষও ২৪ ঘণ্টা ব্যাঙ্কিং পরিষেবা গ্রহণ করতে পারছেন। বর্তমানে দেশে প্রায় ৫৯ থেকে ৬০ কোটি জনধন অ্যাকাউন্ট রয়েছে।

এর ফলে সরকারি প্রকল্পের অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।ব্যাঙ্কিং ব্যবস্থার প্রসঙ্গ তুলে মোদি বলেন, ২০১৪ সালের আগে দেশের অর্ধেকেরও বেশি মানুষ ব্যাঙ্কিং ব্যবস্থার বাইরে ছিলেন। দরিদ্র পরিবার, ক্ষুদ্র কৃষক, ভূমিহীন মানুষ এবং মহিলাদের কাছে ব্যাঙ্কঋণ পাওয়া ছিল কঠিন। তাঁর অভিযোগ, আগের সময়ে প্রভাবশালী ব্যক্তিদের ফোনের মাধ্যমে বিপুল পরিমাণ ঋণ দেওয়া হতো, যার ফলে ব্যাঙ্কিং ব্যবস্থায় অনাদায়ী ঋণের সমস্যা বেড়েছিল। তিনি বলেন, আগে সরকারি অর্থের পুরোটা উপভোক্তাদের কাছে পৌঁছত না বলে অভিযোগ ছিল।

এখন সরাসরি আর্থিক সুবিধা হস্তান্তরের মাধ্যমে উপভোক্তারা তাঁদের প্রাপ্য অর্থ সরাসরি পাচ্ছেন। মুদ্রা, স্বনিধি ও বিশ্বকর্মা প্রকল্পের উল্লেখ মোদি জানান, বর্তমানে জামানত দেওয়ার মতো সম্পদ না থাকলেও বহু মানুষ ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করতে পারছেন। তাঁর দাবি, মুদ্রা যোজনার মাধ্যমে প্রায় ১৩ কোটি মানুষ প্রথমবারের মতো উদ্যোগপতি হওয়ার সুযোগ পেয়েছেন। প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পে বহু রাস্তার হকার ও ক্ষুদ্র ব্যবসায়ী ঋণ পেয়েছেন। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের মাধ্যমে ঐতিহ্যবাহী পেশার সঙ্গে যুক্ত কারিগরদের ব্যাঙ্কিং ব্যবস্থার আওতায় আনা হয়েছে।

এ ছাড়া প্রায় ১০ কোটি গ্রামীণ মহিলার স্বনির্ভর গোষ্ঠী ব্যাঙ্কের মাধ্যমে আর্থিক সহায়তা পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি। দেশের বিভিন্ন ব্যাঙ্কের কর্মী এবং আরবিআইয়ের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এই পরিবর্তনের সাফল্যে তাঁদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সামাজিক সুরক্ষার পরিধি বেড়েছে প্রধানমন্ত্রী বলেন, গত এক দশকে আর্থিক ক্ষমতায়নের পাশাপাশি সামাজিক সুরক্ষা ব্যবস্থারও সম্প্রসারণ ঘটেছে। অটল পেনশন যোজনার মাধ্যমে প্রায় ৯ কোটি মানুষ সামাজিক সুরক্ষার আওতায় এসেছেন। ওড়িশায় এই প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা প্রায় ৩৮ লক্ষ।

প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এবং প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনার উল্লেখ করে তিনি জানান, স্বল্প প্রিমিয়ামে সাধারণ মানুষের জন্য বিমা পরিষেবা সহজলভ্য করা হয়েছে। তাঁর দাবি, এই দুই প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত ২৫ হাজার কোটি টাকারও বেশি বিমার দাবি মেটানো হয়েছে। কঠিন সময়ে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়াই সুশাসনের অন্যতম দৃষ্টান্ত বলে মন্তব্য করেন তিনি।

সাইবার হামলা থেকে ব্যাঙ্কিং ব্যবস্থার সুরক্ষা জরুরি নতুন ডেটা সেন্টারের গুরুত্ব ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাঙ্কিং ব্যবস্থার ডিজিটাল পরিকাঠামোকেও সুরক্ষিত রাখা জরুরি। আধুনিক যুগে যুদ্ধ শুধু অস্ত্রের মাধ্যমে হয় না, কোনও দেশের অর্থনীতির উপর আঘাত করেও তাকে দুর্বল করার চেষ্টা হতে পারে। তাঁর বক্তব্য, সাইবার অপরাধী ও সাইবার সন্ত্রাসবাদীদের হাত থেকে দেশের ব্যাঙ্কিং ব্যবস্থাকে রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাইবার হুমকির ধরন দ্রুত বদলাচ্ছে। তাই পুরনো প্রশিক্ষণ পদ্ধতি ও প্রযুক্তি দিয়ে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। এর জন্য আধুনিক প্রযুক্তিগত পরিকাঠামো এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলা প্রয়োজন। এই লক্ষ্যেই নতুন সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। খনি থেকে মাইক্রোচিপ—ওড়িশার উন্নয়নে নতুন সম্ভাবনা প্রধানমন্ত্রী বলেন, পূর্ব ভারত উন্নত ভারতের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক চালিকাশক্তি হয়ে উঠছে। ওড়িশায় বর্তমান সরকারের আমলে উন্নয়নের গতি বেড়েছে বলে দাবি করেন তিনি।

রাজ্যের খনিজসম্পদভিত্তিক শিল্পের পাশাপাশি সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স শিল্পের নতুন পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ চলছে। তাঁর কথায়, খনি থেকে মাইক্রোচিপ—বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে ওড়িশা নতুন ভবিষ্যৎ নির্মাণের পথে এগোচ্ছে। রাজ্যে ডেটা সেন্টার ও উন্নত কম্পিউটিং পরিকাঠামোয় বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। এর ফলে যুবসমাজের সামনে কর্মসংস্থান ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের নতুন সুযোগ খুলে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বক্তব্যের শেষে ওড়িশার যুবসমাজের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের বড় স্বপ্ন পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নতুন প্রযুক্তি, আর্থিক পরিকাঠামো ও শিল্পের বিকাশের মাধ্যমে উন্নত ভারতের লক্ষ্য অর্জনে দেশ এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

Leave a Comment