বৃদ্ধ বাবাকে গরুর ঘরে বন্দি করে রাখার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

প্রগতি ত্রিপুরা, ২৫ অক্টোবর, ২০২৬: শিক্ষককে বলা হয় মানুষ গড়ার কারিগর, সমাজের মেরুদণ্ড। কিন্তু সেই পেশার সঙ্গে যুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে নিজের বৃদ্ধ বাবাকে অমানবিক পরিবেশে আটকে রাখা এবং ঠিকমতো খাবার না দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি চড়িলাম ব্লকের আড়লিয়া গ্রাম পঞ্চায়েতের উত্তর মুড়া এলাকার। অভিযোগের কেন্দ্রে রয়েছেন বৃদ্ধ সুকুমার দেবনাথ এবং তাঁর ছেলে টিটন দেবনাথ, যিনি সরকারি বিদ্যালয়ের স্নাতক শিক্ষক বলে জানা গিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃদ্ধ সুকুমার দেবনাথকে একটি ভাঙাচোরা, জীর্ণ ঘরে বন্দি অবস্থায় থাকতে হচ্ছে। ঘরটিতে বিদ্যুতের ব্যবস্থা নেই। পর্যাপ্ত খাবারও তিনি পান না বলে অভিযোগ। এমনকী, নিজের হাতে আগুন জ্বালিয়ে কোনওরকমে একবেলা ভাত রান্না করে খেতে হয় তাঁকে। অসহায় অবস্থায় দিন কাটছে বৃদ্ধের।

অভিযোগ, টিটন দেবনাথ শিলাছড়ি বিদ্যালয় পরিদর্শকের অধীন আইলমারা হাই স্কুলের সরকারি স্নাতক শিক্ষক। তাঁর স্ত্রী পম্পা দেবনাথও জিরানিয়া হাই স্কুলের সরকারি স্নাতক শিক্ষিকা। অথচ বৃদ্ধ বাবার ভরণপোষণের জন্য ছেলে ও পুত্রবধূ কোনও আর্থিক সহায়তা কিংবা খাবার দিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে, তাঁরা স্বচ্ছল জীবনযাপন করলেও বৃদ্ধ বাবাকে এমন দুরবস্থার মধ্যে থাকতে হচ্ছে বলে দাবি স্থানীয়দের।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংবাদমাধ্যমের সামনে গ্রামবাসীরা তাঁদের অসন্তোষ প্রকাশ করে বৃদ্ধের দুরবস্থা নিয়ে উদ্বেগ জানান। তাঁদের দাবি, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক, যাতে বৃদ্ধ সুকুমার দেবনাথ সম্মানজনক পরিবেশে জীবনযাপন করতে পারেন।

তবে, এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষক দম্পতির বক্তব্য এবং প্রশাসনের প্রতিক্রিয়া জানা যায়নি। অভিযোগের স্বাধীন সত্যতা যাচাইও করা সম্ভব হয়নি।

Leave a Comment