প্রগতি ত্রিপুরা, ২৪ অক্টোবর, ২০২৬: খোয়াইয়ের দুর্গানগর এলাকায় মনিকা দেবনাথ (৩৭) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতে বাড়ির পাশে তাঁর মৃতদেহ উদ্ধার হয় বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এই ঘটনায় মৃতার স্বামী লক্ষণ পালকে আটক করেছে পুলিশ বলে সূত্রের খবর।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতা মনিকা দেবনাথ দুর্গানগর এলাকার বাসিন্দা লক্ষণ পালের স্ত্রী। প্রাথমিকভাবে ফাঁসিতে আত্মহত্যার ঘটনা বলে অনুমান করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন-চার মাস আগে লক্ষণ পালের সঙ্গে মনিকার বিয়ে হয়েছিল। এর আগে মনিকার একবার বিয়ে হয়েছিল এবং তাঁর আগের সংসারে ১৫ বছরের একটি কন্যাসন্তান রয়েছে।
খোয়াই মহিলা থানার পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের ফলাফলের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এক সন্তানের জননী গৃহবধূর এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় নানা প্রশ্ন উঠেছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। পুলিশি তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টের দিকেই তাকিয়ে রয়েছেন সকলে।








