পেচারথলে সদ্যোজাত উদ্ধার, সুরক্ষিত শিশু

প্রগতি ত্রিপুরা, ২৪ অক্টোবর, ২০২৬: পেচারথল বাজারে দুর্গামণ্ডপ সংলগ্ন এলাকা থেকে সদ্যোজাত এক শিশুপুত্রকে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতে আনুমানিক সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানা গেছে। বর্তমানে শিশুটি সম্পূর্ণ সুস্থ ও সুরক্ষিত রয়েছে বলে জানিয়েছে পেচারথল পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গামণ্ডপ সংলগ্ন রাস্তার ধারে সদ্যোজাত শিশুটিকে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের খবর দেন। খবর পেয়ে পেচারথল থানার পুলিশ, স্বাস্থ্যকর্মী এবং ঊনকোটি জেলা চাইল্ড প্রোটেকশন ইউনিটের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছান। পরে শিশুটিকে উদ্ধার করে পেচারথল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। উদ্ধারকাজে স্থানীয় সমাজকর্মী ও দমকল বিভাগের কর্মীরাও সহযোগিতা করেন বলে জানা গেছে।

প্রশাসন সূত্রে খবর, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটিকে আপাতত রাজ্যের স্টেট অ্যাডপশন রিসোর্স এজেন্সি (SARA)-র তত্ত্বাবধানে রাখা হয়েছে। শিশুটির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে, শিশুটিকে নিয়ে বিভিন্ন ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার বিষয়েও সতর্ক করেছে প্রশাসন। শিশুটি অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে বা তাকে ফেলে দেওয়া হয়েছে—এমন প্রচারে কান না দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছে। প্রশাসনের বক্তব্য, শিশুটি নিরাপদে রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানেই তার দেখভাল করা হচ্ছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা প্রশ্ন উঠেছে। সদ্যোজাত শিশুটিকে কে বা কারা ওই স্থানে রেখে গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ ধরনের ঘটনায় দায়ীদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবিও উঠেছে। শিশুটির পরিচয় ও তাকে ওই স্থানে রেখে যাওয়ার পরিস্থিতি সম্পর্কে প্রশাসনের তরফে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

Leave a Comment