ইন্দো-বাংলা সীমান্তে বাংলাদেশি নাগরিক আটক, আদালতে পেশ

প্রগতি ত্রিপুরা, ২৩ অক্টোবর, ২০২৬: উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানার অন্তর্গত প্রত্যেক রায় ইচাইরপার এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফের ৯৭ নম্বর ব্যাটালিয়ন ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের যৌথ দল। যৌথ অভিযানের পর আটক ব্যক্তিকে কদমতলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিএসএফের ৯৭ নম্বর ব্যাটালিয়নের ইন্সপেক্টর হরিওম জানান, আটক ব্যক্তির পরিচয় প্রকাশের ক্ষেত্রে বর্তমানে বিধিনিষেধ থাকায় তাঁর নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না বলে জানানো হয়েছে। তবে স্থানীয় সূত্রে আটক ব্যক্তির নাম মইন উদ্দিন ওরফে ডালিম বলে জানা গেছে। তিনি বাংলাদেশের মৌলভীবাজার জেলার বাসিন্দা এবং তাঁর পিতার নাম খালিদ মিয়া বলে জানা গিয়েছে।

বিএসএফ ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের যৌথ অভিযানের পর ওই ব্যক্তিকে কদমতলা থানায় হস্তান্তর করা হয়। কদমতলা থানার ওসি গুরুপদ দেবনাথ জানান, এই ঘটনায় থানার কেস নম্বর ৬২/২৬-এ ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স আইন, ২০২৫-এর ২৩এ ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার তাঁকে ধর্মনগর আদালতে পেশ করা হয়েছে। ইন্দো-বাংলা সীমান্ত এলাকায় নিরাপত্তা ও অনুপ্রবেশ রোধে যৌথ বাহিনীর এই অভিযানকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Comment