প্রগতি ত্রিপুরা, ২৩ অক্টোবর, ২০২৬: গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল কল্যাণপুর থানার পুলিশ। এই ঘটনায় অবৈধ মদ মজুত ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দোকানের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর প্রায় ১টা নাগাদ কল্যাণপুর থানার পুলিশের কাছে খবর আসে, মোহরছড়া বাজারের একটি দোকানে বিপুল পরিমাণ বিলিতি মদ অবৈধভাবে মজুত করে রাখা হয়েছে। খবরের ভিত্তিতে দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে কল্যাণপুর থানার সাব-ইন্সপেক্টর অঞ্জন দেব্বর্মার নেতৃত্বে পুলিশের একটি দল সংশ্লিষ্ট দোকানে অভিযান চালায়। অভিযানে দোকানটি থেকে প্রচুর পরিমাণ বিলিতি মদ উদ্ধার করা হয়।
পুলিশ উদ্ধার হওয়া মদ বাজেয়াপ্ত করার পাশাপাশি দোকানের মালিককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। সাব-ইন্সপেক্টর অঞ্জন দেব্বর্মা জানান, বাজেয়াপ্ত করা মদের আনুমানিক বাজারমূল্য ২৫ থেকে ৩০ হাজার টাকা। ধৃত ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
এলাকায় অবৈধ মদ ব্যবসা ও নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মোহরছড়া বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।








