প্রগতি ত্রিপুরা, ২৩ অক্টোবর, ২০২৬: সাব্রুম মহকুমার হরিনা বাজার সংলগ্ন জাতীয় সড়কে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর এসকর্ট গাড়ির ধাক্কায় আহত হলেন এক ব্যক্তি। দুর্ঘটনার পর মানবিকতার পরিচয় দিয়ে আহত ব্যক্তিকে নিজের গাড়িতে করে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যান বিরোধী দলনেতা। পাশাপাশি তাঁর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করেন বলে জানা গিয়েছে।
আহত ব্যক্তির নাম প্রিয়তম সরকার। তাঁর বাড়ি থাইবুং এলাকায়। বর্তমানে তিনি সাব্রুম মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত প্রিয়তম সরকারের বক্তব্য অনুযায়ী, বাড়ি ফেরার পথে দ্রুতগতিতে আসা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর এসকর্ট গাড়ির ধাক্কায় তিনি আহত হন। দুর্ঘটনার পর তাঁকে হাসপাতালে পৌঁছে দিতে উদ্যোগী হন বিরোধী দলনেতা নিজেই। নিজের গাড়িতে করে তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন তিনি।
দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। তবে দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার ঘটনায় বিরোধী দলনেতার মানবিক উদ্যোগের কথা উঠে এসেছে।








