অনলাইন ডেস্ক: বার্সেলোনার বিরুদ্ধে গোল করে সমতা ফেরানোর উচ্ছ্বাস মুহূর্তেই হতাশায় পরিণত হয় রিয়াল বেতিসের আর্জেন্টাইন তারকা জিওভানি লো সেলসোর। দুর্দান্ত ভলিতে বল জালে জড়িয়ে ২-২ করার পরও শেষ পর্যন্ত গোলটি বাতিল হয়ে যায়। অভিযোগ, গোলের আগে বেতিসের ফুটবলার কুচো হার্নান্দেজের হাতে বল লেগেছিল। তবে সেই হ্যান্ডবলের পর লো সেলসোর শট নেওয়ার আগে বেশ কিছু ঘটনা ঘটে যাওয়ায় গোল বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে।
বার্সেলোনার বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে খেলেও আত্মবিশ্বাসের অভাব দেখা যায়নি লো সেলসোর খেলায়। মাঠে ফেরার পর সমর্থকদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনাও পান তিনি। ম্যাচে গোলের দুটি সুযোগ তৈরি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার। এর মধ্যে একটি সুযোগে তাঁর নিখুঁত পাস পেয়েও গোল করতে ব্যর্থ হন কুচো হার্নান্দেজ। পাশাপাশি আবদের উদ্দেশে তাঁর বাড়ানো দুর্দান্ত থ্রু-পাস থেকেই ২-৩ গোলের সুযোগ তৈরি হয়।
ম্যাচের পর বেতিস কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি দলের সামগ্রিক পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, লো সেলসোর গোলটি হলে তাঁর আত্মবিশ্বাস আরও বাড়ত। পাশাপাশি দলের হয়ে আগামী ম্যাচগুলিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এই আর্জেন্টাইন তারকা বলে আশাবাদ ব্যক্ত করেন কোচ।
অন্যদিকে, গোল বাতিলের সিদ্ধান্ত নিয়ে নিজের অসন্তোষের কথা জানালেও লো সেলসো দলের লড়াকু মানসিকতার প্রশংসা করেন। তাঁর মতে, ম্যাচের কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্তের সিদ্ধান্ত খেলার গতিপথ বদলে দিয়েছে। বার্সেলোনার মতো শক্তিশালী ও ছন্দে থাকা দলের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়াটাই বেতিসের বড় প্রাপ্তি।
বাতিল হওয়া গোল প্রসঙ্গে লো সেলসো বলেন, বিরতিতে সমতায় ফিরতে পারলে দ্বিতীয়ার্ধের পরিস্থিতি অন্য রকম হতে পারত। কুচোর হাতে বল লেগেছিল কি না, তা নিয়ে সংশয় থাকলেও ওই আক্রমণে একাধিক ঘটনা ঘটেছিল। বলের রিবাউন্ড, বলের গতিপথ পরিবর্তন এবং হেডে বল দখলের লড়াই—সব মিলিয়ে ঘটনাটি বিশ্লেষণ করা সহজ নয় বলেও মন্তব্য করেন তিনি।
তবে বার্সেলোনার বিরুদ্ধে এই ম্যাচে লো সেলসোর পারফরম্যান্স বেতিসের জন্য ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে। তিনটি প্রতিযোগিতায় লড়াই চালিয়ে যাওয়া দলের হয়ে আগামী দিনেও গুরুত্বপূর্ণ অবদান রাখার সামর্থ্য রয়েছে এই আর্জেন্টাইন ফুটবলারের।







