সচিবালয়ে আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি প্রশমন দিবস পালিত

প্রগতি ত্রিপুরা, ১৩ অক্টোবর, ২০২৬: আজ সচিবালয়ের প্রধান ফটকের সামনে ‘আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি প্রশমন দিবস’ পালন করা হয়। সচিবালয় প্রশাসন এই দিবস পালনের আয়োজন করে। রাজ্যের মুখ্যসচিব জে কে সিনহা রাজস্ব দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে, প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের সচিব ড. কে শশীকুমার, সাধারণ প্রশাসন (সচিবালয় প্রশাসন)-এর সচিব তাপস রায়, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস, ওবিসি কল্যাণ দপ্তরের বিশেষ সচিব কুন্তল দাস, স্টেট প্রোজেক্ট অফিসার শরৎ কুমার দাস, এনডিআরএফ’র ইন্সপেক্টর রাজেশ কুমার মীনা, ইন্সপেক্টর সুশীল কুমার, অগ্নি নির্বাপক ও জরুরী পরিষেবা দপ্তরের আধিকারিক অসীম রঞ্জন বিশ্বাস সহ সচিবালয় প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিক ও কর্মচারীদের দুর্যোগ প্রস্তুতির শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে মুখ্যসচিব সাংবাদিকদের বলেন, রাজ্য সরকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য নানা কর্মসুচি হাতে নিয়েছে। এমন অনুষ্ঠান প্রায় সময় হচ্ছে। এতে জনসচেতনতা বাড়ছে। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এনডিআরএফ, এসডিআরএফ, সিভিল ডিফেন্স সহ বহু আপদামিত্র কাজ করছেন। তিনি বলেন, ২০২৪ সালে রাজ্যের বিভিন্ন জায়গা বন্যা প্লাবিত হয়। ঐ সময় এই বন্যা মোকাবিলায় এনডিআরএফ, এসডিআরএফ, সিভিল ডিফেন্স, আপদামিত্র সহ জেলা প্রশাসন বিশেষ ভূমিকা নিয়েছিল। আজও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এরূপ মকড্রিলের আয়োজন করা হয়েছে। এতে জনসচেতনতা আরও বাড়বে। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আজ প্রযুক্তিকেও ব্যবহার করা হচ্ছে। যখন প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা থাকে তখন এনডিআরএফ, এসডিআরএফ, সিভিল ডিফেন্স, আপদামিত্র ও সকল দপ্তরকে আগাম প্রস্তুতি ও সমন্বয় রেখে কাজ করতে হবে।

এতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আম জনতা অনেক সহায়তা পাবেন। আজ আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি প্রশমন দিবস উপলক্ষে এনডিআরএফ’র পক্ষ থেকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার বিষয়ে বিভিন্ন যন্ত্রাংশ এবং সিপিআর বা কার্ডিও পালমোনারি রেসাসসিটেশন এর প্রদর্শনীর আয়োজন করা হয়। এছাড়া অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তর থেকে অগ্নি নিরাপত্তার মহড়া প্রদর্শন করা হয়। এছাড়া এই দপ্তরের পক্ষ থেকে সচিবালয় ভবনের ভেরিফিকেশন অব ফায়ার ফাইটিং সিস্টেমের আয়োজন করা হয়। এই মহড়ার শুরুতে ভূমিকম্পের বিষয়ে এক মিনিট সাইরেন বাজানো হয়। অনুষ্ঠানে মুখ্যসচিব ও আধিকারিকগণ এলপিজি গ্যাস সিলিন্ডারের বিষয়ে ডেমোস্ট্রেশনে অংশগ্রহণকারী সচেতন জনগণকে শংসাপত্র দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন। মকড্রিলের শেষে মুখ্যসচিব সহ অন্যান্য আধিকারিকগণ এনডিআরএফ’র প্রদর্শনীগুলি ঘুরে দেখেন এবং এর কার্যকারিতা বিষয়েও অবহিত হন। এই মকড্রিলের নেতৃত্ব দেন সচিবালয় প্রশাসনের যুগ্ম সচিব বৈজয়ন্ত দাস।

Leave a Comment