পরিচ্ছন্ন ত্রিপুরা গড়ার লক্ষ্যে আগরতলায় কর্মশালা

প্রগতি ত্রিপুরা, ১৩ অক্টোবর, ২০২৬: পরিচ্ছন্ন ও দূষণমুক্ত সমাজ গড়ে তোলার পাশাপাশি সঠিক বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন ও পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় পরিচ্ছন্নতা অভিযানকে তৃণমূল স্তরে আরও কার্যকর করার উপর গুরুত্ব আরোপ করা হয়।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল জেলার প্রতিটি ওয়ার্ড, গ্রাম ও ব্লককে পরিচ্ছন্ন রাখার পাশাপাশি প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার ও বর্জ্য ফেলার প্রবণতা রোধ করা। বক্তারা মনে করেন, পরিচ্ছন্নতার অভ্যাস ব্যক্তিগত স্তর থেকে শুরু হয়ে সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়লেই একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা সম্ভব।

কর্মশালায় বর্জ্যের সঠিক পৃথকীকরণ ও নিষ্পত্তির বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়। জৈব বর্জ্য, পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী, বিপজ্জনক বর্জ্য এবং অবশিষ্ট বর্জ্য নির্দিষ্ট পদ্ধতিতে পৃথক করে সংগ্রহ ও ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশদূষণ অনেকাংশে কমানো সম্ভব। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলে তুলে ধরা হয়।

স্বচ্ছ ভারত অভিযানের ভাবনাকে সামনে রেখে পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রতিটি নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। বিশেষ করে আসন্ন দুর্গাপূজা-সহ উৎসবের দিনগুলিতে রাস্তাঘাট ও জনবহুল এলাকায় আবর্জনা না ফেলা, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য জমা দেওয়ার বিষয়ে সচেতনতা গড়ে তোলার উপর জোর দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল-সহ বিভিন্ন ব্লকের বিডিও, পঞ্চায়েতের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান, প্রধান ও উপপ্রধান, নির্বাচিত জনপ্রতিনিধি এবং পঞ্চায়েত সচিবরা।

‘ক্লিন ওয়ার্ড, ক্লিন গ্রাম, ক্লিন ব্লক’—এই লক্ষ্যকে সামনে রেখে পরিচ্ছন্নতা অভিযানকে আরও শক্তিশালী করা এবং পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে আগামী প্রজন্মের জন্য নির্মল পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয় কর্মশালায়।

Leave a Comment