প্রগতি ত্রিপুরা, ১২ অক্টোবর, ২০২৬: গত দুই মাস ধরে বেতন ও বিভিন্ন খাতে প্রাপ্য অর্থ না পাওয়ার অভিযোগে ক্ষোভে ফুঁসছেন হাসপাতালের আশাকর্মী ও সংশ্লিষ্ট কর্মীরা। বকেয়া পারিশ্রমিক, বোনাস, জুতার বিল ও মোবাইল বিল মেটানোর দাবিতে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান তাঁরা।
বিক্ষোভকারী কর্মীদের অভিযোগ, পূজা ও উৎসবের মরশুমে নির্ধারিত সময়ে পারিশ্রমিক ও বোনাস পাওয়ার কথা থাকলেও বারবার আশ্বাস দিয়েও তা মেটানো হচ্ছে না। হিসাবরক্ষক ও সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে টাকা জমা পড়েনি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
অভিযোগ, হাসপাতালের প্রায় ৩৭ জন আশাকর্মী, কয়েকজন ফ্যাসিলিটেটর-সহ অন্যান্য কর্মীও এই সমস্যার মুখে পড়েছেন। সীমিত আয়ের উপর নির্ভর করে সংসার চালানো কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে প্রাপ্য টাকা না মেলায় তাঁদের দৈনন্দিন জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এমনকি উৎসবের সময় সন্তানদের নতুন পোশাক কিনে দেওয়াও সম্ভব হচ্ছে না বলে আবেগপ্রবণ হয়ে পড়েন কয়েকজন কর্মী।
কর্মীদের আরও অভিযোগ, সিএমও (CMO) ও এসডিএমও (SDMO) কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও সমস্যার স্থায়ী সমাধান মেলেনি। তাঁদের দাবি, আগামী বুধবারের মধ্যে সমস্ত বকেয়া অর্থ ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে হবে। অন্যথায়, বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।








