প্রগতি ত্রিপুরা, ১২ অক্টোবর, ২০২৬: পারিবারিক বিবাদকে কেন্দ্র করে বসতঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি পশ্চিমপাড়ার ৩ নম্বর ওয়ার্ডের। এই অগ্নিকাণ্ডে ঘরবাড়ি, আসবাবপত্র, নগদ টাকা-সহ প্রয়োজনীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে অভিযোগ। সর্বস্ব হারিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারটি।
গৃহবধূ রীনারার অভিযোগ, তাঁর স্বামী বিকাশ রায় পারিবারিক বিবাদের জেরে তাঁদের বসতঘরে আগুন লাগিয়ে দেন। জানা গিয়েছে, ঘটনার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে প্রথমে বচসা ও পরে হাতাহাতি হয়। অভিযোগ, এরপরই রাগের বশে ঘরে আগুন ধরিয়ে দেন বিকাশ। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরের চাল, আসবাবপত্র, জমানো টাকা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পুড়ে যায়।
পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা ও দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে বাড়ির অধিকাংশ সামগ্রী পুড়ে নষ্ট হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
এই ঘটনায় মাথার উপর ছাদ ও প্রয়োজনীয় সামগ্রী হারিয়ে চরম দুর্দশার মধ্যে পড়েছে পরিবারটি। ক্ষতিগ্রস্ত গৃহবধূর দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে জরুরি আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তিনি।








