প্রগতি ত্রিপুরা, ১২ অক্টোবর, ২০২৬: আসন্ন শারদীয়া দুর্গোৎসবকে সামনে রেখে যান দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সুনিশ্চিত করতে লেম্বুছড়ায় বিশেষ যানবাহন তল্লাশি অভিযান চালাল মোহনপুর মহকুমা পুলিশ। আগরতলা–খোয়াই জাতীয় সড়কের লেম্বুছড়া এলাকায় মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ের সামনে গতকাল রাতে এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন মোহনপুরের এসডিপিও আশীষ দাশগুপ্ত। উপস্থিত ছিলেন লেফুঙ্গা থানার ওসি রাজকুমার জমাতিয়া, লেম্বুছড়া পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জন বিশ্বাস-সহ বিশাল পুলিশ বাহিনী। গভীর রাত পর্যন্ত চলে এই তল্লাশি অভিযান।
অভিযান প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসডিপিও আশীষ দাশগুপ্ত জানান, দুর্গাপুজো উপলক্ষে বহিরাগত এলাকা থেকে রাজধানী আগরতলায় আসা যানবাহনগুলিতে বিশেষভাবে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি, যানবাহনে বেআইনিভাবে লাগানো অতিরিক্ত আলো ও কালো গ্লাস পেপার সরিয়ে দেওয়া হচ্ছে। উৎসবের দিনগুলিতে সড়ক নিরাপত্তা বজায় রাখতে আগামী দিনেও এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
পাশাপাশি, যাত্রীবাহী যানবাহনের চালকদের সতর্ক করে এসডিপিও বলেন, একটি গাড়ির চালকের হাতে শুধু নিজের জীবন নয়, গাড়িতে থাকা সমস্ত যাত্রীর জীবনও নির্ভর করে। একই সঙ্গে চালকের সঙ্গে জড়িয়ে থাকে তাঁর পরিবারের দায়িত্বও। তাই দুর্ঘটনা এড়াতে প্রত্যেক চালককে যানবাহন আইন ও ট্রাফিক বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান তিনি।
দুর্গাপুজোর সময় রাস্তায় যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকায় পুলিশের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ। উৎসবের আনন্দ যাতে সড়ক দুর্ঘটনার কারণে ম্লান না হয়, সে জন্য চালকদের সচেতনতা ও ট্রাফিক নিয়ম মেনে চলার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে পুলিশ।








