আট মাসের বকেয়া বিল, সালেমা ব্লক অফিসে তালা ঝুলিয়ে CSP-দের বিক্ষোভ

প্রগতি ত্রিপুরা, ১২ অক্টোবর, ২০২৬:  দীর্ঘ আট মাস ধরে প্রাপ্য বিল বকেয়া থাকার অভিযোগে সালেমা ব্লক অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে শামিল হলেন ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন (TRLM)-এর অধীন কর্মরত CSP-রা। সোমবার, ১২ অক্টোবর, বকেয়া অর্থ দ্রুত মিটিয়ে দেওয়ার দাবিতে তাঁদের এই আন্দোলনকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।

আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘ আট মাস ধরে নিজেদের দায়িত্ব পালন করলেও তাঁরা প্রাপ্য বিল পাননি। গত ১০ অক্টোবরের মধ্যে বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও পাওনা না মেলায় ক্ষোভ বাড়ে তাঁদের মধ্যে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ব্লক অফিসে তালা ঝুলিয়ে আন্দোলনে নামেন তাঁরা।

CSP-দের দাবি, দীর্ঘদিন ধরে বিল বকেয়া থাকায় তাঁরা আর্থিক সমস্যার মুখে পড়েছেন। কাজ করেও প্রাপ্য অর্থ না পাওয়ায় দৈনন্দিন খরচ চালাতে অসুবিধা হচ্ছে বলে জানান আন্দোলনকারীরা। দ্রুত বকেয়া মেটানোর পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়, তারও দাবি জানান তাঁরা।

পরিস্থিতি সামাল দিতে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেন ব্লকের বিডিও (BDO)। আলোচনার পর আগামী দু’দিনের মধ্যে বকেয়া বিল মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। বিডিওর এই আশ্বাসের পর আন্দোলন প্রত্যাহার করে নেন CSP-রা।

তবে আট মাসের বকেয়া বিল নিয়ে তৈরি হওয়া সমস্যার স্থায়ী সমাধান এখনও বাকি। বিডিওর প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পাওনা মেটে কি না, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্ট কর্মীরা।

Leave a Comment