প্রগতি ত্রিপুরা, ১২ অক্টোবর, ২০২৬: বিশালগড়ের গকুলনগর শর্মাপাড়া এলাকায় রাতের অন্ধকারে ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় বিশ্বজিৎ শর্মা, সনজিৎ শর্মা-সহ মোট তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের জিবি হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা।
অভিযোগ অনুযায়ী, গত রাতে কমলাসাগর বিধানসভার অন্তর্গত গকুলনগর শর্মাপাড়া এলাকায় প্রাণেশ শর্মা ধারালো অস্ত্র নিয়ে বিশ্বজিৎ শর্মার বাড়িতে হামলা চালান। হামলায় পরিবারের সদস্যরা আহত হন। ঘটনার পর আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বিশ্বজিৎ ও সনজিৎ শর্মাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, হামলার অভিযোগ ওঠার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত প্রাণেশ শর্মাকে আটক করে হাত-পা বেঁধে পুলিশের হাতে তুলে দেন। অভিযোগ, আটক হওয়ার পরও তিনি প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সোমবার সকালে বিশ্বজিৎ শর্মা ও তাঁর পরিবারের সদস্যরা অভিযুক্তের বিরুদ্ধে বিশালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে হামলার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।








