সরকারি রাস্তায় বাঁশের বেড়া, প্রশাসনের অভিযানে উন্মুক্ত চলাচলের পথ

প্রগতি ত্রিপুর, ১২ অক্টোবর, ২০২৬: সরকারি নির্দেশ অমান্য করে বারবার ইটের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে এবার কঠোর পদক্ষেপ নিল প্রশাসন। সোমবার দক্ষিণ ঘিলাতলীর ছনখলা এলাকায় পুলিশ ও আধাসামরিক বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালান তেলিয়ামুড়ার মহকুমা শাসক। অভিযানে রাস্তার উপর থাকা অবৈধ বাঁশের বেড়া সরিয়ে চলাচলের পথ সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, টিআরপিসি-র চেয়ারপার্সন পাতাল কন্যা জমাতিয়ার লোকজনের বিরুদ্ধে ওই রাস্তায় বারবার বাঁশের বেড়া দিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে। এর আগে দুই দফায় বেড়া অপসারণ করা হলেও ফের একইভাবে রাস্তা অবরুদ্ধ করা হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে সোমবার বিশাল পুলিশ ও আধাসামরিক বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা শাসক এবং বেড়া সরিয়ে রাস্তা চলাচলের উপযোগী করে দেন।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে মহকুমা শাসক জানান, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-এর ১৬৬(৩) ধারা অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জমি সংক্রান্ত বিভ্রান্তি নিরসনে আগামী মঙ্গলবার সকাল ১০টায় সরকারি সার্ভেয়ারের মাধ্যমে জমির সীমানা নির্ধারণ করা হবে।

তিনি স্পষ্ট করে জানান, বৈধ পাট্টাপ্রাপক তাঁর প্রাপ্য জমি পাবেন। পাশাপাশি সাধারণ মানুষের সরকারি রাস্তা দিয়ে যাতায়াতের অধিকারও সুনিশ্চিত করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে যাতে এলাকায় কোনও ধরনের উত্তেজনা বা অশান্তির সৃষ্টি না হয়, সে জন্য গুজবে কান না দিয়ে সকলকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি।

মঙ্গলবারের সরকারি সীমানা নির্ধারণের পর জমি সংক্রান্ত বিরোধের প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে বলে মনে করছে প্রশাসন।

 

Leave a Comment