এসআইআর ও ভোটাধিকার হরণের প্রতিবাদে আগরতলায় বামেদের গণমিছিল

প্রগতি ত্রিপুরা, ১১ অক্টোবর, ২০২৬: এসআইআর (SIR) প্রক্রিয়া এবং ভোটাধিকার হরণের অভিযোগকে কেন্দ্র করে সংবিধান ও গণতন্ত্র রক্ষার দাবিতে রবিবার আগরতলার রাজপথে গণমিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সিপিআই(এম)-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি থেকে সাধারণ মানুষের ভোটাধিকার সুনিশ্চিত করার দাবি জানানো হয়।

অভিযোগ, ভোটাধিকার সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে সংবিধানপ্রদত্ত মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে। গত ১০ অক্টোবর দিল্লিতে শান্তিপূর্ণ আন্দোলন চলাকালীন ছাত্র, যুব, নারী ও সংবাদকর্মীদের ওপর হামলা এবং বলপ্রয়োগের অভিযোগে তীব্র নিন্দা জানিয়েছেন আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য, গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিবাদের অধিকার নিশ্চিত করা জরুরি এবং শান্তিপূর্ণ আন্দোলনের ওপর আক্রমণ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

মিছিল থেকে মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ ও অহিংস আন্দোলনের আদর্শ অনুসরণ করে দেশজুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদ চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি, সংবিধান রক্ষা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং প্রত্যেক নাগরিকের ভোটাধিকার সুরক্ষিত করার দাবিতে রাজ্যবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানানো হয়।

আন্দোলনকারীদের দাবি, গণতন্ত্রের ভিত্তি মজবুত রাখতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পাশাপাশি প্রত্যেক যোগ্য নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

Leave a Comment