প্রগতি ত্রিপুরা, ১০ অক্টোবর, ২০২৬: পুজোর চাঁদা সংগ্রহকে কেন্দ্র করে এক অটোচালক, তাঁর ছেলে ও অটোতে থাকা মহিলা যাত্রীকে মারধরের অভিযোগ উঠল উত্তর জোলাইবাড়ির বাগানটিলা দুর্গাপুজো কমিটির সদস্যদের বিরুদ্ধে। শনিবার জোলাইবাড়ি ফাঁড়ি থানার সংলগ্ন এলাকায় এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়।
অভিযোগকারী লক্ষ্মীমোহন ত্রিপুরা জানান, শনিবার বীরচন্দ্র মনুর সাপ্তাহিক বাজার সেরে তিনি নিজের টিআর-০৮-বি-৩৫৬৯ নম্বরের ইলেকট্রিক অটোতে বাড়ি ফিরছিলেন। পথে জোলাইবাড়ি ফাঁড়ি থানার কাছে বাগানটিলা দুর্গাপুজো কমিটির সদস্যরা তাঁর গাড়ি থামাতে বলেন। অটোটি রাস্তার পাশে সরিয়ে নেওয়ার সময়ই তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।
লক্ষ্মীমোহনের আরও অভিযোগ, অটোতে থাকা তাঁর ছেলে ও এক মহিলা যাত্রীকেও মারধর করা হয়। ঘটনার পর তিনি জোলাইবাড়ি ফাঁড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান। বর্তমানে তিনি ছেলেকে নিয়ে জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তবে অভিযোগের বিষয়ে দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশের তদন্তের দিকেই এখন তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।








