প্রগতি ত্রিপুরা, ১০ অক্টোবর, ২০২৬: স্কুলে যাওয়ার প্রাকমুহূর্তে একাদশ শ্রেণির ছাত্রী রুপাঞ্জলি পালের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে কাঠালিয়া ব্লকের উত্তর মহেশপুর এলাকায়। শনিবার সকালে ৪ নম্বর ওয়ার্ডে নিজের বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রুপাঞ্জলি লিটন দেবের মেয়ে। পরিবারের এক ছেলে ও এক মেয়ের মধ্যে সে ছোট। একাদশ শ্রেণিতে পড়াশোনা করত সে। শনিবার সকালে বাড়ির লোকজন নিজেদের কাজে ব্যস্ত ছিলেন। সেই সময় বাড়ির ভিতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। ঘটনাটি নজরে আসতেই বাড়িতে কান্নাকাটি শুরু হয়। খবর ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা ভিড় জমান। মেয়ের এমন পরিণতিতে শোকে ভেঙে পড়েন তার মা।
ঘটনার খবর পেয়ে যাত্রাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরে রুপাঞ্জলিকে কাঠালিয়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণের জন্য দেহটি ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়।
একাদশ শ্রেণির পড়ুয়া ছাত্রীর এমন মর্মান্তিক পরিণতিতে এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। কী কারণে এই ঘটনা ঘটল, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।








