নিরাপত্তার হুমকিতে বাতিল মার্কিন কান্ট্রি গায়িকা এলা ল্যাংলির শো

প্রগতি ত্রিপুরা, ১০ অক্টোবর: নিরাপত্তার গুরুতর হুমকির জেরে শুক্রবার রাতে ওকলাহোমার তুলসায় নির্ধারিত তাঁর বিক্রি হয়ে যাওয়া কনসার্ট বাতিল করলেন মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী এলা ল্যাংলি। অনুষ্ঠান শুরুর মাত্র দু’ঘণ্টা আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় ১৯ হাজার দর্শকাসনবিশিষ্ট বিওকে সেন্টারে ওই কনসার্ট হওয়ার কথা ছিল।

ইনস্টাগ্রামে এক পোস্টে ২৭ বছর বয়সি গায়িকা জানান, তাঁর অনুরাগী, অনুষ্ঠানস্থলের কর্মী এবং নিজের দলের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই ‘অত্যন্ত কঠিন’ সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে হুমকির বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। কনসার্ট বাতিলের জন্য অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়েছেন। টিকিটের টাকা ফেরত দেওয়ার বিষয়ে যত দ্রুত সম্ভব বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন ল্যাংলি।

তুলসা পুলিশ বিভাগের ক্যাপ্টেন রিচার্ড মিউলেনবার্গ জানান, এক ব্যক্তি ফোন করে ওই অনুষ্ঠানে ব্যাপক ক্ষয়ক্ষতি, গুলিচালনা এবং বোমা হামলার হুমকি দেয়। যদিও পুলিশের পক্ষ থেকে আগেই একাধিকবার বিওকে সেন্টার পরীক্ষা করা হয়েছিল, কিন্তু কোনও সন্দেহজনক পরিস্থিতি বা হুমকির প্রমাণ মেলেনি।

পুলিশের দাবি, ফোনে হুমকি আসার পর প্রশিক্ষিত কুকুরসহ নিরাপত্তাকর্মীরা ফের গোটা অনুষ্ঠানস্থলে তল্লাশি চালান। তাতেও কোনও বিশ্বাসযোগ্য বিপদের সন্ধান পাওয়া যায়নি। মিউলেনবার্গের কথায়, ওই ব্যক্তির ফোনের কারণে হাজার হাজার অনুরাগীর জন্য আয়োজিত অনুষ্ঠানটি ব্যাহত হয়েছে।

অন্যদিকে, বিওকে সেন্টার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, অনুষ্ঠানের সঙ্গে যুক্ত প্রত্যেকের নিরাপত্তা ও সুস্থতা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতি পর্যালোচনা করেই কনসার্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনায় অনুরাগীদের হতাশার জন্য দুঃখপ্রকাশও করেছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এলা ল্যাংলির জনপ্রিয় গান ‘চুজিন’ টেক্সাস’ সম্প্রতি মার্কিন সংগীতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে এক নম্বরে থাকা সিঙ্গল হিসেবে মারিয়া কেরির ‘অল আই ওয়ান্ট ফর ক্রিসমাস ইজ ইউ’-কে ছাপিয়ে যায়। গানটির সাফল্যের সুবাদে মে মাসে অ্যাকাডেমি অব কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ডসেও উল্লেখযোগ্য সাফল্য পান আলাবামার এই গায়িকা।

Leave a Comment