প্রগতি ত্রিপুরা, ০৭ অক্টোবর, ২০২৬: লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ড এবং মহারানিপুর এলাকায় বন্য হাতির আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাতির গতিবিধিতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি বন্য হাতি প্রথমে কবাডির জিলাতলী এলাকা থেকে কালীরবাড়িতে প্রবেশ করে। পরে মূল সড়কে না উঠে ব্রহ্মছড়া চরের দিকে চলে যায়। সেখান থেকে ঘুরে নদী পার হয়ে হাতিটি ফের লক্ষ্মীপুরের চরে প্রবেশ করে। এরপর দাওয়াক হয়ে কুঞ্জমড়ার একটি চরে গিয়ে অবস্থান নেয়।
বর্তমানে হাতিটি কুঞ্জমড়ার ওই চর এলাকাতেই রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। হাতিটির উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে হাতির আক্রমণের আশঙ্কায় সন্ধ্যার পর বাড়ির বাইরে বের হতে ভয় পাচ্ছেন বাসিন্দারা।
ঘটনার খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতিটির গতিবিধির উপর নজর রাখছেন বলে জানা গেছে। হাতিটিকে নিরাপদে লোকালয় থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।








