প্রগতি ত্রিপুরা, ০৬ অক্টোবর, ২০২৬: জিবি হাসপাতাল চত্বর থেকে চুরি যাওয়া একটি বাইক ও একটি স্কুটি উদ্ধার করল এনসিসি থানার পুলিশ। মঙ্গলবার উদ্ধার হওয়া দুই চাকার যানগুলি তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
এনসিসি থানার ওসি জানান, গত ১৯ আগস্ট ও ১২ সেপ্টেম্বর জিবি হাসপাতাল চত্বর থেকে পৃথকভাবে একটি স্কুটি ও একটি বাইক চুরি হয়। ঘটনার পর সংশ্লিষ্ট মালিকরা এনসিসি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।
তদন্তে নেমে পুলিশ এয়ারপোর্ট থানা এলাকার একটি জায়গা থেকে চুরি যাওয়া বাইকটি উদ্ধার করে। অন্যদিকে, জিবি বাজার সংলগ্ন একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া স্কুটিটি।
মঙ্গলবার থানায় আনুষ্ঠানিকভাবে উদ্ধার হওয়া বাইক ও স্কুটি তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।








