প্রগতি ত্রিপুরা, ০৬ অক্টোবর, ২০২৬: দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত টিটিএএডিসি-র ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের শরিকদের সাফল্যকে কেন্দ্র করে মঙ্গলবার আগরতলায় বিজয়োৎসব পালন করল বিজেপি। এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে বাজি পুড়িয়ে, ব্যান্ডের তালে নেচে-গেয়ে এবং দলীয় স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করেন কর্মী-সমর্থকরা। পরে তাঁদের মধ্যে মিষ্টিও বিতরণ করা হয়।
সুপ্রিম কোর্টের নির্দেশে দীর্ঘ ১০ বছর পর টিটিএএডিসি এলাকার ৫৮৭টি ভিলেজ কমিটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। সোমবার সকাল থেকে শুরু হওয়া ভোটগণনা চলে গভীর রাত পর্যন্ত। নির্বাচনের ফল প্রকাশের পর বিভিন্ন রাজনৈতিক দলের শিবিরে শুরু হয় জয়-পরাজয়ের হিসাব-নিকাশ।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ৫৮৭টি ভিলেজ কমিটির মোট ৪ হাজার ৫৯৭টি আসনের মধ্যে তিনটি আসনে নির্বাচন স্থগিত রয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিভিন্ন দলের প্রার্থীরা জয় পেয়েছেন ১ হাজার ৬৪০টি আসনে। ভোটগ্রহণ হয়েছে ২ হাজার ৯৫৭টি আসনে। সোমবার গভীর রাত পর্যন্ত মোট ৪ হাজার ৩১১টি আসনের ফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে তিপ্রা মথা ৩ হাজার ২৮০টি আসনে জয় পেয়েছে। বিজেপি পেয়েছে ৭৫৫টি এবং আইপিএফটি ৩২টি আসন। এছাড়া সিপিআইএম ৭১টি, নির্দল প্রার্থীরা ১৬৩টি এবং কংগ্রেস ১০টি আসনে জয়লাভ করেছে।
ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, আইপিএফটি ও তিপ্রা মথার মধ্যে নির্বাচনী সমঝোতা ছিল। তিন দলই এনডিএ-র শরিক। জোটের শরিকদের ফলাফলকে কেন্দ্র করেই এদিন বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
সকাল থেকেই প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে কর্মী-সমর্থকদের ভিড় জমতে থাকে। পরে বাজি, ব্যান্ড এবং দলীয় স্লোগানে উৎসবের আবহ তৈরি হয়। দলের কয়েকজন প্রথম সারির নেতাকেও কর্মীদের সঙ্গে বিজয়োৎসবে অংশ নিতে দেখা যায়।
বিজেপির এক মহিলা নেত্রী জানান, নির্বাচনে বিজেপি, আইপিএফটি ও তিপ্রা মথার মধ্যে সমঝোতা হয়েছিল। জোটের শরিকদের সাফল্যকে কেন্দ্র করেই এই বিজয়োৎসবের আয়োজন করা হয়েছে।
তবে ঘোষিত ফলাফলে তিপ্রা মথার আসন সংখ্যা অন্য শরিকদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি হওয়ায় টিটিএএডিসির রাজনীতিতে নতুন সমীকরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত ভিলেজ কমিটি নির্বাচনের ফল আগামী দিনে পাহাড়ের রাজনৈতিক সমীকরণে কী প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।








