ভিলেজ কাউন্সিলের ভোট গণনাকে ঘিরে উত্তেজনা! লাঠি চার্জে আহত ১০-১২ জন।

প্রগতি ত্রিপুরা, ০৫ অক্টোবর, ২০২৬: এডিসি এলাকার ভিলেজ কাউন্সিল নির্বাচনের ফলাফল ঘোষণা ঘিরে সোমবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে ভোট গণনা। নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে খোয়াই জেলার তুলাশিখর আরডি ব্লকের অন্তর্গত ভিলেজ কাউন্সিলগুলির ভোট গণনা পর্বও শুরু হয়।

ভোট গণনাকে কেন্দ্র করে নির্ধারিত ভারত সরদার বিদ্যালয়ের সামনে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে সকাল ৮টার পর এক সময় গণনাকেন্দ্রের বাইরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, একটি রাজনৈতিক দলের সমর্থকদের পক্ষ থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করা হয়। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পরিস্থিতি তৈরি হয় বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে হস্তক্ষেপ করে। অভিযোগ, এ সময় উত্তেজিত জনতার উপর লাঠিচার্জ করা হয়। ঘটনায় মহিলা-সহ প্রায় ১০ থেকে ১২ জন আহত হন বলে জানা গেছে। আহতদের দ্রুত খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

তবে এই ঘটনাকে কেন্দ্র করে ঠিক কী পরিস্থিতিতে লাঠিচার্জের ঘটনা ঘটেছে এবং কারা ব্যারিকেড ভেঙেছিল, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে ঘটনাটি নিয়ে এলাকায় এখনও উত্তেজনা রয়েছে।

Leave a Comment