সড়কে গাছ ফেলে অবরোধ, IPFT-মথা কর্মীদের মধ্যে উত্তেজনা

প্রগতি ত্রিপুরা, ০৫ অক্টোবর, ২০২৬: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় খোয়াই মহকুমার তুলাশিখর আরডি ব্লকের চাম্পাহাওর এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গণনাকেন্দ্রের সামনে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়।

তুলাশিখর ব্লকের ভোট গণনার কেন্দ্র করা হয়েছে চাম্পাহাওর বাজার সংলগ্ন ভারত সরদার দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে। গণনাকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সকাল থেকেই এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

এদিন সকালে সিপাইহাওর এলাকায় খোয়াই-চাম্পাহাওর মূল সড়কের উপর গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় বলে জানা গেছে। একইভাবে চাম্পাহাওর চৌমুনী বাজার সংলগ্ন কয়েকটি রাস্তাতেও বড় বড় গাছ কেটে ফেলে রাখা হয়। এর ফলে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও প্রশাসনের উদ্যোগে রাস্তা থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এদিকে, ভোট গণনাকে কেন্দ্র করে IPFT ও তিপ্রা মথার কর্মী-সমর্থকদের মধ্যেও উত্তেজনা ছড়ায়। সকাল আনুমানিক ৯টা নাগাদ গণনাকেন্দ্রের সামনে থাকা IPFT কর্মী-সমর্থকদের সেখান থেকে সরিয়ে দেওয়াকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে এলাকায় দৌড়াদৌড়ির পরিস্থিতি তৈরি হয় বলে জানা গেছে।

তবে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ভোট গণনা নির্বিঘ্নে সম্পন্ন করতে গণনাকেন্দ্র ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। গোটা পরিস্থিতির উপর পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে কড়া নজর রাখা হচ্ছে।

Leave a Comment