প্রগতি ত্রিপুরা , ০৩ অক্টোবর, ২০২৬: বাড়ির সামনে থেকে আনন্দনগর বাজার পর্যন্ত রক্তের ছাপকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শ্রীনগর থানার অন্তর্গত উত্তর আনন্দনগর এলাকায়। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হলেও রক্তের ছাপের উৎস সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির মালিক নেপাল দাস রান্নাঘরের দরজার সামনে রক্তের ছাপ দেখতে পান। বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে তাঁরা বাড়ির আশপাশে খোঁজখবর শুরু করেন।
পরবর্তীতে বাড়ির সামনে থেকে রাস্তা ধরে আনন্দনগর বাজারের সবজি সেট পর্যন্ত একাধিক স্থানে রক্তের ছাপ দেখা যায় বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে। তবে কীভাবে এবং কোথা থেকে ওই রক্ত সেখানে এল, সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য মেলেনি।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে স্থানীয় মানুষের ভিড় জমে যায়। খবর দেওয়া হয় শ্রীনগর থানায়। পরে থানার ওসি, সেকেন্ড ওসি-সহ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন।
ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। পরে ফরেনসিক টিমকে খবর দেওয়া হলে বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে রক্তের নমুনা সংগ্রহ করেন। সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।
ফরেনসিক পরীক্ষার রিপোর্ট এবং পুলিশের তদন্তের পরই রক্তের ছাপের প্রকৃত উৎস ও ঘটনার বিস্তারিত কারণ স্পষ্ট হবে বলে জানা গেছে। আপাতত ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য অব্যাহত রয়েছে।








