অনলাইন ডেস্ক, ০৩ অক্টোবর, ২০২৬: মাদ্রিদ: আবাসন সংকট মোকাবিলায় সরকারের জরুরি পদক্ষেপ সংসদে আটকে যাওয়ার একদিন পর স্পেনজুড়ে রাস্তায় নেমে এলেন হাজার হাজার মানুষ। শনিবার রাজধানী মাদ্রিদসহ প্রায় ৫০টি শহরে বিক্ষোভকারীরা সাশ্রয়ী মূল্যের বাড়ি, ভাড়াটিয়াদের সুরক্ষা এবং আবাসন ব্যবস্থায় ব্যাপক সংস্কারের দাবি জানান।
শুক্রবার স্পেনের সংসদ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন সংখ্যালঘু বামপন্থী সরকারের প্রস্তাব করা দুটি জরুরি ডিক্রি প্রত্যাখ্যান করে। আবাসন ব্যয় বেড়ে যাওয়া এবং ভাড়াটিয়াদের ওপর চাপ কমাতেই ওই পদক্ষেপগুলি নেওয়ার উদ্যোগ ছিল সরকারের।
মাদ্রিদের বিক্ষোভে অংশ নেওয়া ২৬ বছর বয়সী নান্দো দে আঙ্গুলো বলেন, সংসদের সিদ্ধান্ত হতাশাজনক। তাঁর বক্তব্য, রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের সঙ্গে সাধারণ মানুষকেই বারবার মানিয়ে নিতে হচ্ছে; অথচ রাজনীতিকদের উচিত জনগণের চাহিদার প্রতি সাড়া দেওয়া।
ভাড়াটিয়াদের সংগঠনের মুখপাত্র ভ্যালেরিয়া রাকু বলেন, সাম্প্রতিক আন্দোলন স্পেনে নতুন ধরনের জনসম্পৃক্ততার ইঙ্গিত দিচ্ছে। তাঁর দাবি, কয়েক দিনের ধারাবাহিক জনআন্দোলন দীর্ঘ সময়ের সরকারি নীতির তুলনায় আবাসন সমস্যাকে অনেক বেশি গুরুত্বের সঙ্গে সামনে নিয়ে এসেছে।
মাদ্রিদে ৮৭ বছর বয়সী এক পেনশনভোগীকে তাঁর বাড়ি থেকে উচ্ছেদের ঘটনা এই আন্দোলনে নতুন গতি আনে। এরপর থেকেই রাজধানীর কেন্দ্রে শত শত মানুষ তাঁবু খাটিয়ে আবাসন সংস্কারের দাবিতে অবস্থান শুরু করেন।
রাকু বলেন, আন্দোলনের মাধ্যমে রাজনীতিকে আবার সাধারণ মানুষের কাছে ফিরিয়ে আনার সময় এসেছে।
তবে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ভ্যালেন্সিয়া শহরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। একপর্যায়ে প্রায় ৩০ জন বিক্ষোভকারী শহরের বিখ্যাত ‘সিটি অব আর্টস অ্যান্ড সায়েন্সেস’ ভবন কমপ্লেক্সে ঢুকে পড়েন। পরে পুলিশ তাঁদের সেখান থেকে বের করে দেয়।
দেশের অন্য কয়েক ডজন শহরে অবশ্য বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। বিক্ষোভকারীদের হাতে ছিল বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড—যার মধ্যে আবাসনকে মানুষের মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠার দাবি বিশেষভাবে উঠে আসে।
সংসদে সরকারের প্রস্তাবিত দুটি ব্যবস্থা প্রত্যাখ্যাত হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কাতালান বিচ্ছিন্নতাবাদী দল জুন্টস। দলটির যুক্তি ছিল, প্রস্তাবিত পদক্ষেপগুলি আবাসনের বাজারে সরবরাহ আরও সংকুচিত করতে পারে।
জুন্টসের পাশাপাশি প্রধান বিরোধী দল পিপলস পার্টি (পিপি) এবং ডানপন্থী ভক্সও প্রস্তাবগুলোর বিরুদ্ধে ভোট দেয়।
সংসদে পরাজয়ের পর পিপি নেতা আলবের্তো নুনিয়েজ ফেইহো প্রধানমন্ত্রী সানচেজকে দ্রুত নির্বাচন ঘোষণার আহ্বান জানান। তাঁর দাবি, সানচেজ সরকারের পক্ষে সংসদ ও সাধারণ মানুষের—কোনও দিকেই আর যথেষ্ট সমর্থন নেই।
স্পেনের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের বিক্ষোভে কত মানুষ অংশ নেন এবং আন্দোলন কতটা শক্তিশালী হয়, সেদিকে নজর রাখছিলেন সানচেজ। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় কোনও মন্তব্য করেনি।








