অনলাইন ডেস্ক, ০৩ অক্টোবর, ২০২৬: ধর্মনগর: ধর্মনগর মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে গতকাল যথাযোগ্য মর্যাদায় ও শ্রদ্ধার মধ্য দিয়ে ধর্মনগরে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উদযাপিত হয়। ধর্মনগরের নয়াপাড়া ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন মিতালী রানী দাস সেন। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গকুল চন্দ্র দেবনাথ, মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয় এর বরিষ্ঠ তথ্য আধিকারিক সঞ্জীব কুমার দাস প্রমুখ। অনুষ্ঠানের ‘শুরুতেই মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান অনুষ্ঠানের উদ্বোধক ও অন্যান্য অতিথিগণ। গান্ধী জয়ন্তী উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সঠিক উত্তরদাতাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে নয়াপাড়া ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
কাঞ্চনপুর :- কাঞ্চনপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে গতকাল যথাযোগ্য মর্যাদায় জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উদযাপন করা হয়। এ উপলক্ষে কাঞ্চনপুর টাউন হল সংলগ্ন গীতাঞ্জলি মিউজিক ইনস্টিটিউটের হলঘরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত মহকুমা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য-সদস্যাগণ এবং মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের আধিকারিক জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাঞ্চনপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের আধিকারিক মিঠন দত্ত। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
কুমারঘাট:- জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী গতকাল কুমারঘাট মহকুমায় শ্রদ্ধার সাথে উদযাপিত
হয়। কুমারঘাট বিদ্যালয় পরিদর্শক কার্যালয় প্রাঙ্গণে মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ঊনকোটি জিলা পরিষদের সহকারি সভাধিপতি সন্তোষ ধর। অনুষ্ঠানে গান্ধীজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন, গান্ধীজীর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে উনকোটি জিলা পরিষদের সহকারি সভাধিপতি সন্তোষ ধর বলেন, গান্ধীজী আমাদের অহিংস নীতি, স্বচ্ছতা ও আত্মনির্ভরতার শিক্ষা দিয়ে গেছেন। তাঁর কাছে রাজনীতির মানে শুধু ক্ষমতার জন্য নয়, রাজনীতি হল সমাজের শেষ প্রান্তের মানুষের কাছে উন্নত পরিসেবা পৌঁছে দেওয়া। তিনি আরও বলেন, গান্ধীজীর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে তাঁর অহিংস নীতি, সত্যাগ্রহ আন্দোলনের পথের আদর্শ অনুসরণ করে আমাদের এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে কুমারঘাট পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান শংকর দেব বলেন, মহাত্মা গান্ধী একটি আদর্শের নাম। ভারতের স্বাধীনতা আন্দোলনে তিনি ছিলেন অন্যতম কান্ডারী। এছাড়া, অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবী পবিত্র দেবনাথ। সভাপতিত্ব করেন ভেনাস ক্লাবের সভাপতি স্বপন মিত্র তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন উনকোটি জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহ অধিকর্তা অজয় দে। গান্ধীজীর জন্ম জয়ন্তীতে মহকুমার বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন।
জম্পুইজলাঃ- জম্পুইজলা মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে গতকাল জম্পুইজলা মহকুমায় জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী পালন করা হয়। জম্পুইজলা মহকুমার অন্তর্গত শ্রী গৌরাঙ্গ সেবা আশ্রম প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাক্তন শিক্ষক নক্ষত্র দেববর্মা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীগৌরাঙ্গ সেবা আশ্রমের সেক্রেটারি শচীন কলই। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শান্তিরবাজার:- তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং শান্তিরবাজার পুর পরিষদের যৌথ উদ্যোগে গতকাল শান্তিরবাজার ইউনিটি পার্কে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন স্বপ্না বৈদ্য, ভাইস চেয়ারপার্সন সত্যব্রত সাহা, শান্তিরবাজার পুর পরিষদের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক উপকমিটির সভাপতি নেপাল চন্দ্র দাস, বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ভৌমিক, উপ কার্যনির্বাহী আধিকারিক পবিত্র দাস, তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনুপম পাল প্রমূখ। অতিথিগণ মহাত্মা গান্ধীর মর্মর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। অতিথিগণ মহাত্মা গান্ধীর জীবন দর্শন ও স্বাধীনতা আন্দোলনে তাঁর ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। গান্ধী জয়ন্তী উপলক্ষে সাফাই অভিযান সংঘটিত করা হয়।
কমলপুর:- তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং কমলপুর নগর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে গতকাল কমলপুর ফুলচড়ি বাজার সংলগ্ন স্থানে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন প্রশান্ত সিনহা, ভাইস চেয়ারপার্সন সুব্রত মজুমদার, উপ-কার্যনির্বাহী আধিকারিক অদিতি দাস, তথ্য ও সংস্কৃতি দপ্তরের বরিষ্ঠ তথ্য আধিকারিক বিদ্যামোহন জমাতিয়া, কমলপুর নগর পঞ্চায়েতের সদস্য দীপেন বৈদ্য প্রমুখ। অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর মর্মর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান অতিথিগণ। অনুষ্ঠানে অতিথিগণ জাতির জনক মহাত্মা গান্ধীর জীবন দর্শন ও স্বাধীনতা আন্দোলনের তাঁর ভূমিকার প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট মহকুমার শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এছাড়াও এ উপলক্ষে সাফাই অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি সংঘঠিত করা হয়।
পানিসাগর:- জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী গতকাল যথাযোগ্য মর্যাদায় পানিসাগরে অনুষ্ঠিত হয়। পানিসাগর মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয় ও পানিসাগর নগর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে পানিসাগর টাউন হলে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন অনুরাধা দাস। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস-চেয়ারপার্সন ধনঞ্জয় দেবনাথ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিক্রম সিংহ প্রমুখ। অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান অনুষ্ঠানের উদ্বোধক ও অন্যান্য অতিথিগণ। গান্ধী জয়ন্তী উদযাপন উপলক্ষে মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে ‘স্বচ্ছ ভারত’ বিষয়ের ওপর বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে বসে আঁকো প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অমরপুর:- মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে ও অমরপুর নগর পঞ্চায়েতের সহায়তার গতকাল মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। অমরপুর নগর পঞ্চায়েত কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক রঞ্জিত দাস। অনুষ্ঠানে অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান বিকাশ সাহা, অমরপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান শংকরানন্দ সাহা, এস আই ও দয়াল মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। অতিথিগণ মহাত্মা গান্ধীর জীবনির উপর সংক্ষিপ্ত আলোচনা করেন। এরপর স্থানীয় শিল্পীদের দ্বারা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অমরপুর নগর পঞ্চায়েতের উদ্যোগে নগর পঞ্চায়েত এলাকার ৫১ জন সাফাই কর্মীদেরকে সংবর্ধনা দেওয়া হয়।
খোয়াই :- যথাযোগ্য মর্যাদায় গতকাল তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং খোয়াই পুর পরিষদ ও খোয়াই সাংস্কৃতিক সেল এর সহযোগিতায় খোয়াই মহকুমাভিত্তিক জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী কোহিনুর কমপ্লেক্স প্রাঙ্গণে উদযাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথ শর্মা। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন নিবাস সাহা, বিশিষ্ট সমাজসেবী প্রণব বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোয়াই পুর পরিষদের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি পিযুষ কান্তী চৌধুরী। অনুষ্ঠানে অতিথিগণ গান্ধীজীর জীবন ও আদর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠান শেষে খোয়াই শহরের বিভিন্ন এলাকায় সাফাই অভিযান সংঘঠিত করা হয়।
সোনামুড়া :- তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মেলাঘর পুর পরিষদের সহযোগিতায় গতকাল পুর পরিষদের সভাগৃহে জাতির জনক মহাত্মাগান্ধীর জন্মজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিপাহীজলা জিলা পরিষদের সদস্য প্রসেঞ্জিৎ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন মেলাঘর পুর পরিষদের কাউন্সিলার মন্টি দাস, সিপাহীজলা জেলা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য সুব্রত পাল, সদস্যা নাসরিন আক্তার, জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহঅধিকর্তা গৌতম দাস প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে অতিথিগণ মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
জিরানীয়া:- যথাযোগ্য মর্যাদায় গতকাল জিরানীয়া মহকুমায় জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উদযাপন করা হয়। মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে এবং পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির সহযোগিতায় পুরাতন আগরতলা ব্লকের হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণা রাণী দাস, ভাইস চেয়ারম্যান মন্টি দেবনাথ, পুরাতন আগরতলা ব্লকের বিডিও রতন নমঃ, বরিষ্ঠ তথ্য আধিকারিক গৌতম দাস প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে অতিথিগণ মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে জিরানীয়া মহকুমার ৫ জন শিল্পীকে তাদের সাংস্কৃতিক অবদানের জন্য সংবর্ধনা দেওয়া হয়।
বিলোনীয়া:- তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং বিলোনীয়া পুর পরিষদের সহযোগিতায় গতকাল যথাযোগ্য মর্যাদায় মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী পালন করা হয়। বিলোনীয়ার বরজ কলোনীস্থিত গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিলোনীয়ার পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ। এছাড়াও উপস্থিত ছিলেন পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন শিখা নাথ, পুর পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী, পুর পরিষদের কাউন্সিলার রঞ্জিতা দাস বৈদ্য, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক মহঃ সাজ্জাদ পি, বরিষ্ট তথ্য আধিকারিক রাজেশ দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।








