ভোট দিতে বাধার অভিযোগ, পাটনিতে উত্তেজনা

প্রগতি ত্রিপুরা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬: ভিলেজ কমিটি নির্বাচন চলাকালীন ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা এবং নির্দিষ্ট সময়ে কেন্দ্রে উপস্থিত হয়েও ভোট দিতে না দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পাটনি এলাকায়। পাটনি ভিলেজ কমিটির অফিসে স্থাপিত ২ নম্বর ওয়ার্ডের দুটি পোলিং স্টেশনকে ঘিরে এই অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দা অভিযোগ, একাধিক ভোটার নির্ধারিত সময়ের মধ্যেই ভোটকেন্দ্রে পৌঁছেছিলেন। কিন্তু তাঁদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং ভোটদান থেকে বিরত রাখা হয়েছে। এ নিয়ে প্রতিবাদ জানাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলেও অভিযোগ তাঁর।

ভোটাররা বারবার অনুরোধ করলেও তাঁদের কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের বিরুদ্ধেই মূলত বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। ভোট দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন বেশ কয়েকজন ভোটার।

জানা গেছে, সংশ্লিষ্ট দুটি পোলিং স্টেশনেই ভোটগ্রহণের নির্ধারিত শেষ সময় ছিল বিকেল ৪টা। নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকা সত্ত্বেও ভোটারদের কেন ভোটদানের সুযোগ দেওয়া হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ঘটনায় ক্ষুব্ধ ভোটারদের পক্ষ থেকে বিষয়টি নির্বাচন দফতরের নজরে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগটি আনুষ্ঠানিকভাবে নির্বাচন দফতরে জানানো হবে। প্রয়োজনে উচ্চতর কর্তৃপক্ষের হস্তক্ষেপও চাওয়া হবে।

তবে ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগের বিষয়ে নির্বাচন দফতর বা প্রশাসনের তরফে এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা এবং ঠিক কী কারণে ভোটারদের প্রবেশে বাধা দেওয়া হয়েছিল, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ও তদন্তের পরই স্পষ্ট হবে।

Leave a Comment