বিশালগড়ে চুরি মামলায় গ্রেপ্তার পাঁচ

প্রগতি ত্রিপুরা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬: বিশালগড়ের নেতাজিনগরে বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনার তদন্তে নেমে রাতের অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করল বিশালগড় থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি নেতাজিনগর এলাকায় শেফালী দাস নমঃ-র বাড়িতে চুরির ঘটনা ঘটে। এরপর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। তদন্তের সূত্র ধরে রবিবার গভীর রাতে বিশালগড় এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মোবাইল ফোনে চুরি যাওয়া স্বর্ণালংকার সংক্রান্ত ছবি ও ভিডিও পাওয়া গেছে বলে তদন্তকারীদের সূত্রে জানা গেছে। ওই তথ্যের ভিত্তিতে চুরির ঘটনায় ধৃতদের ভূমিকা এবং আরও কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

সোমবার দুপুরে ধৃত পাঁচজনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে পেশ করা হয়। চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের সন্ধানেও তদন্ত চালাচ্ছে পুলিশ।

বিশালগড় থানার ওসি বাবুল দাস জানান, চুরি কাণ্ডের সঙ্গে জড়িত মূলহোতা বা ‘মাস্টারমাইন্ড’-কে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

Leave a Comment